
৯০ দশকের শুরুতে মডেল হিসেবে আত্মপ্রকাশ করেন মৌসুমী। পরবর্তী সময়ে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু হয় তাঁর। বড় পর্দায় প্রথম ছবিতেই বাজিমাত! প্রথম কেয়ামত থেকে কেয়ামত ছবিতে অভিনয় করেই দর্শক জনপ্রিয়তা পান তিনি। ১৯৯৩ সালে মুক্তি পায় ছবিটি। এর পর আর পেছনে তাকাতে হয়নি তাঁর। তখন থেকেই জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে দর্শকের কাছে পৌঁছে যান তিনি। এরপর আত্ম অহংকার, স্নেহসহ একাধিক ব্যবসাসফল ছবিতে নায়িকা হিসেবে দর্শকেরা পেয়েছেন তাঁকে। তিনি যখন চলচ্চিত্রের নায়িকা হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে, ১৯৯৬ সালের ২ আগস্ট সেই সময়কার আরেক জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরও তাঁর অভিনয়ে জনপ্রিয়তার ধারা অব্যাহত থাকে। এর মধ্যে খবর আছে, আম্মাজানসহ একাধিক ছবি জনপ্রিয়তা পায়। এ পর্যন্ত প্রায় ২০০ ছবিতে অভিনয় করেছেন এই সফল অভিনেত্রী। ২০০২ সালে মেঘলা আকাশ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঘরে তুলেছেন।
২০০৩ সালে কখনো মেঘ কখনো বৃষ্টি পরিচালনার মধ্য দিয়ে একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পরিচালনা করেছেন মেহের নিগার, বর্তমানে শূন্য হৃদয় ছবির শুটিং চলছে। গত বছরে তাঁর সফল অভিনয়জীবনের ২০ বছর পূর্তিও করেছেন।
একজন অভিনেত্রী, একজন পরিচালক—এর বাইরেও তিনি একজন মমতাময়ী মা। দুই সন্তানের জননী তিনি। ফারদিন ও ফাইজা। অভিনয়জীবনের মধ্যগগনে তিনি সন্তান জন্ম দিলেও ছেদ পড়েনি অভিনয়ের কিংবা পরিচালনার। একদিকে মা, অন্য দিকে তাঁর নিজের পেশা, দুদিকই সঠিকভাবে পার করে আসছেন তিনি। পেশার বাইরে যতটুকু সময় পেয়েছেন, ততটুকু সময় দিয়েই দুই সন্তানকে আগলে রেখেছেন । ছেলে ফারদিন স্ট্যান্ডার্ড নাইন আর ফাইজা স্ট্যান্ডার্ড ফোর-এ পড়াশোনা করছে। সন্তানদের স্কুল, লেখাপড়া, নিয়ম করে খাওয়াদাওয়া, ঘুমানো—সব কিছু নখদর্পণে রেখেই মৌসুমী তাঁর অভিনয়, পরিচালনার কাজ ধরে রেখেছেন এখনো। অভিনয়ের আকাশে যেমন এখনো জ্বলজ্বল করছেন মৌসুমী, সন্তানের কাছেও একজন আদর্শ মা হিসেবে তিনি উজ্জ্বল।