
রুপালি পর্দার দুর্দান্ত অভিনেত্রী কাজল মা হিসেবেও দুর্দান্ত এবং দারুণ। ক্যারিয়ারের সফল সময়ে ১৯৯৯ সালে তিনি বিয়ে করলেন অভিনেতা ও চলচ্চিত্রনির্মাতা অজয় দেবগনকে। আর তার পরই পুরোদমে লেগে গেলেন আদর্শ পরিবার গঠনের কাজে। মেয়ে নিসা আর ছেলে ইয়ুগের পরিচর্যার জন্য বেশ কিছু সময় তিনি নিজেকে গুটিয়ে রেখেছিলেন গ্ল্যামারের জগৎ থেকে। এরপর রুপালি পর্দায় ফিরলেন ফানা দিয়ে। করলেন ইউ মি অউর হাম, মাই নেম ইজ খান, উই আর ফ্যামিলি। এসব ছবি দেখে কিছুতেই বোঝার উপায় নেই, ঘরদোর আর সন্তান সামলে কাজলকে ছুটতে হয়েছে শুটিংয়ের কাজে। সেই আগের মতোই চাঞ্চল্য, মায়াবী অভিনয় আর আকর্ষণীয় কাজল।
মা হিসেবে কাজল ভীষণ কড়া। তার মা নাকি তাকে প্রায়ই বলে, তুমি বাচ্চাদের বেশি শাসন করছ। কাজল উল্টো তার মাকে বলেন, শাসন না করলে বাচ্চারা ভালো অভ্যাস শিখবে না। নিসা আর ইয়ুগের জন্য কিছু কঠোর আইনও আছে। তা হলো, কাজল যা বলবেন সেটাই চূড়ান্ত, কোনোরকম প্রশ্ন করা যাবে না। এমনকি টেলিভিশনের কোন চ্যানেল ও প্রোগ্রাম তারা দেখবে, সেই তালিকাও তৈরি করে দিয়েছেন তিনি। কারণ, বাচ্চাদের এ সময়টাই ভালো-মন্দ শেখার বয়স। তাই তারা কী দেখছে, কী পড়ছে সেদিকে ভীষণ খেয়াল রাখেন কাজল। এক সাক্ষাৎকারে তিনি মজা করে বলেন, ‘আমি গর্ব করে বলতে পারি, আমার সন্তানেরা আমার ৭০% কথা শোনে, বাকি ৩০% আপসের জন্য রাখা।’
নিজের সন্তানদের মিডিয়া থেকে দূরে রাখার চেষ্টা করেন সব সময়, যাতে তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। কাজল মনে করেন, এই বয়সে মিডিয়ায় বেশি গুরুত্ব পেলে তারা মনে করতে পারে যে তারা বিশ্বজগতের সম্রাট হয়ে গেছে। তার সন্তানেরা কঠোর পরিশ্রম করে নিজেদের ভবিষ্যৎ তৈরি করে নেবে—এমনটাই কাজলের চাওয়া। সেলিব্রেটি মা হওয়া মোটেই সহজ নয়। প্রত্যেক সেকেন্ড সময় তাকে পরিকল্পনা করে চলতে হয়। তার পরও ক্যারিয়ার এবং সন্তান—সব দিকই উপভোগ করছেন কাজল।
এ বছর মা দিবসের আগে গ্রিন গোল্ড অ্যানিমেশনের পক্ষ থেকে কাজলকে দেওয়া হলো ‘মাইটি মম’ পুরস্কার। নিঃসন্দেহে, একদিকে তিনি যেমন স্নেহময়ী মা, অন্যদিকে তেমনি বলিউডের শক্তিশালী তারকা।