ভালো থেকো ক্যারিয়ার...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানদের সঙ্গে জুলিয়া রবার্টস
সন্তানদের সঙ্গে জুলিয়া রবার্টস

১৯৮৭ থেকে ২০০৪, একটানা জীবনের ১৭ বছর বিনিয়োগ করেছেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে। জিতেছেন অস্কার, বাফটা, গোল্ডেন গ্লোবসহ আরও কত শত সম্মাননা। অভিনয় যেন নেশার মতো পেয়ে বসেছিল জুলিয়া রবার্টসকে। কিন্তু ২০০৪ সালের পর থেকে দৃশ্যপট পাল্টে গেল একেবারেই। মাতৃত্ব জুলিয়া রবার্টসের পুরো পৃথিবীর রংকেই বদলে দিল। জুলিয়া রবার্টসের ক্যারিয়ার গ্রাফ দেখলেই সেই পার্থক্যটা বোঝা যায়। ১৯৮৭ থেকে ২০০৪ পর্যন্ত ১৭ বছরে মোট ৩২টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আর ২০০৪ থেকে ২০১৪—১০ বছরে তাঁর চলচ্চিত্রের সংখ্যা মাত্র ১২টি। এর পরও জুলিয়া রবার্টসের আক্ষেপ, সন্তানদের সময়ই দেওয়া হচ্ছে না তাঁর। ভাবছেন, ‘এই শেষ, আর হবে না অভিনয়!’
স্বামী ড্যানিয়েল মোডার আর তিন সন্তান ফিন, হ্যাজেল ও হেনরিকে নিয়ে সুখের সংসার তাঁর। যমজ ছেলে ফিন ও মেয়ে হ্যাজেলের জন্ম ২০০৪ সালে। আর হেনরির জন্ম ২০০৭-এ। প্রথমবার মা হওয়ার পর জুলিয়া টানা দেড় বছরের বিরতি নেন কাজ থেকে। যখন ফিন ও হ্যাজেলের বয়স দেড়, তখন জুলিয়া ফেরেন মঞ্চে। ব্রডওয়ে পরিবেশনা থ্রি ডেজ অব রেইন দিয়ে। এর জন্য টানা চার মাস কাজ করতে হয় তাঁকে। স্টেপ মমখ্যাত এ অভিনেত্রী তখন নিজ সন্তান সামলাতে গিয়ে একেবারে মাথার চুল ছেঁড়ার অবস্থায় চলে যান। পরে সন্তানদের ঘুম পাড়িয়ে তবে উঠতেন মঞ্চে। এভাবেই সে যাত্রায় ব্রডওয়ের কাজ শেষ করেন জুলিয়া। এরপর তাঁকে আবারও বড় পর্দায় দেখা যায় ২০০৭ সালে। টম হ্যাঙ্কসের সঙ্গে চার্লি উইলসনস ওয়ার ছবিতে। সে সময় নিজেকে আর সন্তানদের অনেকটাই গুছিয়ে নেন তিনি।
কাজ যতই থাকুক না কেন, নিয়ম করে জুলিয়া ও তাঁর স্বামী প্রায় প্রতি রাতেই বসেন সন্তানদের সঙ্গে। কথা বলেন, মনের কথা ভাগাভাগি করেন তাদের সঙ্গে, সারা দিনের কাজের অভিজ্ঞতা জানান তাদের; তাদেরটাও শোনেন আর সবশেষে ঘুমাতে যাওয়ার আগে বই পড়েন। জুলিয়া বলেন, ‘পরিবারসমেত টেলিভিশনের সামনে বসে থাকার চেয়ে কোনো ভালো বই পড়াকে আমি সমর্থন করি। আমার হলো পড়ুয়া পরিবার। আমি সৌভাগ্যবান যে আমার ছেলেমেয়েরাও আমার গল্প আর কবিতার প্রতি দুর্বল। তাদের এই অভ্যাসটা সত্যিই অনেক স্বস্তিদায়ক আমার জন্য।’