
তারকাদের সন্তানেরা যেন আরেক তারকা—এ কথার মধ্যে যে কোনো গলদ নেই, তার প্রমাণ ঐশ্বরিয়ার আড়াই বছরের মেয়ে আরাধ্য। জন্মের আগে থেকে শুরু করে এখন পর্যন্ত তাকে নিয়ে সাংবাদিকদের আগ্রহের কমতি নেই। আরাধ্যকে বলা যেতে পারে টিন্সেল টাউনের সুরি ক্রুজ। এরই মধ্যে মিডিয়ার চোখে সে বাচ্চাদের স্টাইল আইকনে পরিণত হয়েছে। বলিউডের ইতিহাসে আরাধ্যই প্রথম, যে কিনা হাঁটতে শেখার আগেই বিএমডব্লিউ মিনি কুপার এস গাড়ির গর্বিত মালিক হয়ে গেছে। আর ওদিকে আরাধ্যের মা, বিশ্বের সেরা সুন্দরীর খেতাবজয়ী ঐশ্বরিয়া রাই বচ্চন বর্তমান সময়ের একজন তুমুল জনপ্রিয় মা।
ক্যারিয়ার যখন তার তুঙ্গে, ৩৭ বছর বয়সে তিনি মা হলেন। মা হওয়ার পর মুটিয়ে যাওয়া নিয়ে মিডিয়াতে তাঁর সমালোচনা চলেছে, কিন্তু তাঁর কোনো আক্ষেপ ছিল না। তাঁর পুরোটা সময়ই কেটেছে মেয়ে আরাধ্যকে নিয়ে। মেয়ের আধো আধো কথা, হাসি, হাঁটার চেষ্টা—প্রতিটা অভিজ্ঞতাকে উপভোগ করেছেন, মেয়ের যত্ন নিয়েছেন। তিনি উঠেপড়ে লাগেননি তাঁর ওজন কমাতে, তাই বিশ্ববাসীও দেখেছে তাঁর মাতৃত্বের এই চমৎকার রূপটিকে। আরাধ্যের জন্মের প্রায় দেড় বছর পর থেকেই টুকটাক কাজ শুরু করেছেন অ্যাশ। ইয়োগা করে, জিমে গিয়ে ধীরে ধীরে আবার গড়েছেন নিজেকে। এবারের কান চলচ্চিত্র উৎসবে সবাই দেখেছে সেই পুরোনো আকর্ষণীয় গড়নের ঐশ্বরিয়াকে।
আরাধ্যের জন্মের পরেই, ছোট্ট আরাধ্যের ছবি যেন মিডিয়াতে না আসে, সে বিষয়ে বেশ কড়া ছিলেন তিনি। তবে এখন আরাধ্যকে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন, অভ্যস্ত করিয়ে নিচ্ছেন তাঁর পরিচিত পরিমণ্ডলের সঙ্গে। বচ্চন বধূ ভালোই বোঝেন সন্তানের বেড়ে ওঠার জন্য কখন কী প্রয়োজন এবং কীভাবে পরিকল্পনা করে বাচ্চার যত্ন ও নিজের কাজের সময়টাকে সামঞ্জস্য করে চলতে হয়। শোনা যাচ্ছে, মণি রত্নমের পরবর্তী ছবির মাধ্যমে আবার রুপালি পর্দায় ফিরবেন ঐশ্বরিয়া। কাজের প্রয়োজনে নানা দেশে যেতে হচ্ছে, আরাধ্যও সঙ্গী হচ্ছে মায়ের। তারকা খ্যাতি ও মাতৃত্ব—দুই দিকই সমানতালে সামলে চলছেন সাবেক এই বিশ্বসুন্দরী। একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘জীবনে পরিবর্তন তো অবশ্যম্ভাবী। প্রতিটি অভিজ্ঞতাই পরিবর্তন ও সামনে এগোনোর একেকটা অংশ। আরাধ্য আমাদের জীবনের জন্য আশীর্বাদ। মা হতে পারার অভিজ্ঞতা দারুণ, আর এর জন্য আমি কৃতজ্ঞ।’