
বিপাশা হায়াতের অনেক পরিচয়—তিনি জনপ্রিয় অভিনয়শিল্পী, নাটক লেখেন, ছবি আঁকেন, আবার ছেলেমেয়ে, ঘর-গেরস্থালিও সামলান নিপুণ হাতে। তবু তিনি বললেন, তাঁর জীবনের গল্পটি খুব সাদামাটা, সাধারণ, ‘যখন আমি যে কাজটি করেছি, যথেষ্ট মনোযোগসহকারেই করার চেষ্টা করেছি।’
ঠিক কথাই তো বলেছেন বিপাশা। যখন কেবল অভিনয় নিয়ে ব্যস্ত থেকেছেন, তখন তাঁর ভুবনে ছিল একটি শব্দ—অভিনয়—ছোট পর্দা আর বড় পর্দার আলোছায়া। এরপর অভিনেতা-পরিচালক তৌকীর আহমেদের সঙ্গে ঘর বাঁধা, শুরু হলো সংসারজীবনের গল্প। বিপাশার অসংখ্য পরিচয়ের পাশে যোগ হলো আরও একটি পরিচয়—গৃহিণী বিপাশা। এরপর তাঁদের সংসারে এল সন্তান—ছেলে আরীব ও মেয়ে আরিশা। আবার বদলে গেল তাঁর জগৎ। বিপাশা বললেন, ‘যখন কেবল অভিনয় করতাম, তখন ঘরের কাজকর্ম তেমনভাবে করতাম না। তবে সংসার শুরু করার পর মনে হলো, ঘর-গেরস্থালির চেয়ে আনন্দের আর কিছু নেই। আমি পরিপূর্ণ আনন্দ পাই সংসারে। একসময় নাটক, অভিনয়—এগুলো ছিল আমার জগতের অন্যতম উপাদান। কিন্তু এখন সংসার, ছেলেমেয়েই আমার প্রধান আনন্দ—এ এক অন্য রকম ভুবন! নিজের সন্তানের চেয়ে সুন্দর ও আনন্দের আর কিছু কি হতে পারে?’
বিপাশার জিজ্ঞাসায় আমরা চুপচাপ। তিনিই বললেন আবার, ‘যিনি মা হননি, তাঁকে কখনো মায়ের অনুভূতি বলে বোঝানো যাবে না; আর যিনি মা হয়েছেন, সন্তানের জন্য তাঁর অনুভূতি বলে শেষ করা যাবে না।’
বিপাশার অভিনয়জীবনের অজস্র গল্প এক পাশে রেখে আমরা এবার তাঁকে বলি, আপনি তো একজন ভালো মা।
সংকোচে কুঁকড়ে গেলেন বিপাশা, ‘না না, আমি খুবই সাধারণ মানুষ। আর দশজন মা নিজের সন্তানের জন্য যা করেন, আমিও তাই করি। আর প্রত্যেক মা-ই তো নিজের মতো করে সন্তানের দেখভাল করেন, তাই না? ভালো মা, খারাপ মা বলে কিছু নেই। পৃথিবীর সব মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। আমার আরীব-আরিশাকে আমি বলেছি, সারা দিন তোমরা যা-ই কর না কেন, দিনের মধ্যে দুই মিনিট আমার বুকে মাথা রেখে শুয়ে থাকতে হবে। ওরা যখন আমার বুকের মধ্যে মাথা রেখে শুয়ে থাকে, আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুখের মুহূর্ত সেটা।’
আগের চেয়ে অভিনয় অনেক কমিয়ে দিয়েছেন—কথাটি মেনে নিয়েই বিপাশা বললেন, ‘আমি হয়তো নাটকে অভিনয় কমিয়েছি। তবে ছেলেমেয়েকে গল্পের বই পড়াতে গিয়ে সারাক্ষণই তো গল্পের চরিত্রগুলোতে অভিনয় করি। ওরা খুব মজা পায় এতে।’
আমাদের কথা যখন ফুরিয়েছে, শেষ কথাটি বললেন বিপাশাই, ‘আমার মতে, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো প্যারেন্টিং। কেননা, বাচ্চাকে তো মানুষের মতো মানুষ করতে হবে।’
আমাদের আবার মনে হলো, অভিনয়শিল্পী, লেখক কিংবা চিত্রকর বিপাশা হায়াত নয়, কথা বলছেন এক বাঙালি মা।