এই ঈদটা আমার কাছে 'বিশেষ'

আমি ঢাকায় ঈদ করি। ফলে অনেক কাছের মানুষকে কাছে পাই না। তাঁদের বেশির ভাগই যাঁর যাঁর দেশের বাড়িতে চলে যান। তাতে কিছুটা খারাপ লাগে। তারপরেও কী করা, আশপাশে যাঁরা আছেন, তাঁদের নিয়েই সময়টা কাটাই। আমার ঈদ সাধারণত বাসাতেই কাটে। রান্না-খাওয়ার কাজেই ব্যস্ত থাকতে হয়। বাকিটা সময় বন্ধুদের সঙ্গে সময় কাটানো। সব সময় এমনি করেই কাটত এত দিন।
এবারের ঈদ নিয়ে তেমন কোনো পরিকল্পনা করা হয়নি। বাবা, মা, ভাই, বোনসহ বন্ধুবান্ধবের সঙ্গেই ঈদটা কাটবে। এবারের ঈদে জীবনে আরও কিছু নতুন মানুষ ও সহকর্মী যুক্ত হয়েছেন। এবার তাঁদের সঙ্গেও দেখা করব, সময় কাটাব।
এই ঈদটা আমার কাছে ‘বিশেষ’। ছবি মুক্তির পর এটাই আমার প্রথম ঈদ। ‘আইসক্রিম’ ছবিটা মুক্তি পাওয়ার পর পরিচিতি বেড়েছে, মানুষের ভালোবাসা পেয়েছি। কাছের-দূরের সব মানুষের প্রশংসা খুব উপভোগ করছি। ঈদ উপলক্ষে টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিতে হয়েছে। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি—কবে সেগুলো দেখানো হবে। ঈদের অনুষ্ঠানগুলো আগেও দেখা হতো। বিশেষ করে যে অনুষ্ঠানগুলোতে তারকারা উপস্থিত হতেন, আড্ডা দিতেন—সেগুলো। এবারও সে রকম অনুষ্ঠানগুলো দেখব। আমার প্রিয় অনেক তারকার অংশগ্রহণে অনুষ্ঠানগুলোর পাশাপাশি দেখব নিজের অনুষ্ঠানগুলো।

ঈদের সময় আমি বাংলা সিনেমা দেখি। সাধারণত বন্ধুবান্ধবের সঙ্গে হলে গিয়েই দেখি। এবারও ব্যতিক্রম হবে না। বন্ধুদের সঙ্গে হলে গিয়ে ঈদের ছবিগুলো দেখব। এটা আমার ভীষণ আনন্দের একটা কাজ। এবারের ঈদে তো বেশির ভাগ ছবিই শাকিব খানের। আশা করি সব কটিই দেখব। শাকিব ভাইয়ের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে করার ইচ্ছে আছে আমার।
ছোটবেলায় বাবাকে দেখে ভেবেছিলাম ব্যবসায়ী হব। ব্যবসায়ী হলে অনেক টাকা আয় করতে পারব। কিন্তু সিনেমা দেখা শুরু করার পর সেই ভাবনা পালিয়ে গেল। মনে হলো, ব্যবসায়ী নয়, আমাকে অভিনেত্রী হতে হবে। খুব অল্প বয়সেই আমি সেই সিদ্ধান্ত নিয়ে ফেলি। সম্ভবত চতুর্থ শ্রেণিতে পড়ি তখন। স্বপ্ন থাকলে নাকি একসময় সেটা সত্য হয়। স্বপ্ন আছে একদিন হলিউডের ছবিতে অভিনয় করব। জানি না কবে নাগাদ সেই স্বপ্ন পূরণ হয়।
ছোটবেলার ঈদগুলো অনেক মজার ছিল। ‘সালামি’টা তখন একটা উল্লেখযোগ্য ব্যাপার ছিল। সেটা অবশ্য এখনো আছে। তবে সামান্য বদলে গেছে। আগে আমিই সবার থেকে সালামি নিতাম, এখন দিতে হয় বেশি। এই ব্যাপারটা খুব উপভোগ করি।