এই ঈদেও তিন ছবি

গত রোজার ঈদের মতো এবারের কোরবানির ঈদেও মুক্তি পাচ্ছে তিন ছবি। দেশের তিন শতাধিক প্রেক্ষাগৃহে ছবিগুলো একযোগে মুক্তি পাচ্ছে। ছবি তিনটি হলো রংবাজ, অহংকার ও সোনাবন্ধু।
রংবাজ মুক্তি পাচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সসহ সারা দেশের দেড় শতাধিক হলে। ছবির পরিচালক মান্নান গাজীপুরী বলেন, দেড় শ হলে আগেই বুকিং হয়ে গেছে। এখনো বুকিং চলছে। আরও ১০টি হল বাড়তে পারে। রংবাজ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, অমিত হাসান, নূতন, লিয়ানা লিয়া, কমল।
অহংকার মুক্তি পাচ্ছে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস, আনন্দ, মধুমিতা, বলাকা, সনিসহ দেশের প্রায় ১১৯টি প্রেক্ষাগৃহে। ছবির পরিচালক সাহাদত হোসেন লিটন বলেন, ঈদের আগের রাত পর্যন্ত আরও দু-একটি হল বাড়তে পারে। অহংকার ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলী, নূতন, সাদেক বাচ্চু, রেহেনা জলি।
সোনাবন্ধু ছবিটি মুক্তি পাচ্ছে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস, জোনাকি, মতিমহল, নিউ গুলশান, জিঞ্জিরাসহ দেশের প্রায় ৫০টি হলে। অভিনয় করেছেন ডি এ তায়েব, পপি, পরীমনি। নায়ক ডি এ তায়েব বলেন, ‘শেষ পর্যন্ত হলসংখ্যা প্রায় ৭০ হয়ে যেতে পারে।’ ছবির পরিচালক জাহাঙ্গীর আলম সুমন।