এই ঈদেও স্বর্ণালি-বর্ণালি
গত রোজার ঈদ ও কোরবানির ঈদের ধারাবাহিকতায় এবারও বিটিভির ঈদ আয়োজনে নির্মিত হয়েছে চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান স্বর্ণালি-বর্ণালি। এবারের স্বর্ণালি-বর্ণালি অনুষ্ঠানে আট শিল্পী-জুটি গেয়েছেন চলচ্চিত্রের আট জনপ্রিয় গান। সবই দ্বৈতকণ্ঠের গান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শফিউদ্দিন শিকদার।প্রযোজক সূত্রে জানা গেছে, ফাহিমদা নবী ও বাপ্পা মজুমদার গেয়েছেন ‘দর্পচূর্ণ’ ছবির ‘তুমি যে আমার কবিতা’, আগুন ও আঁখি আলমগীর গেয়েছেন ‘আমানত’ ছবির ‘বুকেরও ভিতরে রাখিব তোমারে’, দিনাত জাহান মুন্নি ও ইবরার টিপু গেয়েছেন ‘লড়াকু’ ছবির ‘বুকে আছে মন’, এস ডি রুবেল ও কোনাল গেয়েছেন ‘আত্মত্যাগ’ ছবির ‘এ জীবন তোমাকে দিলাম’, হাসান আবিদুর রেজা জুয়েল ও অনুপমা মুক্তি গেয়েছেন ‘অবুঝ হূদয়’ ছবির ‘তুমি আমার জীবন’, সজীব ও রন্টি গেয়েছেন ‘উজান ভাটি’ ছবির ‘এক নদীর উজান ভাটি আমরা দুটি ধারা’, মুহিন ও মিমি গেয়েছেন ‘আশীর্বাদ’ ছবির ‘চাঁদের সাথে দিব না তুলনা’ এবং কিশোর ও নির্ঝর গেয়েছেন ‘আঁখি মিলন’ ছবির ‘আমার গরুর গাড়ি...’তে গানটি।স্বর্ণালি-বর্ণালি অনুষ্ঠান প্রসঙ্গে প্রযোজক শফিউদ্দিন শিকদার প্রথম আলো ডটকমকে বলেন, ‘চলচ্চিত্রের গান নিয়ে গত বছরের রোজার ঈদ ও কোরবানির ঈদে টানা দুটি অনুষ্ঠান নির্মাণের পর অনেকে ভাবনাটার বেশ প্রশংসা করেন। আবার অনেকেরই অনুরোধ ছিল অনুষ্ঠানটি যেন নিয়মিতভাবে করা হয়। আর তাই এবারের ঈদেও অনুষ্ঠানটি নির্মাণ করা হলো। আশা করছি, চলচ্চিত্রের গান নিয়ে স্বর্ণালি-বর্ণালি অনুষ্ঠানটি সবারই ভালো লাগবে।’ পুরো অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনায় রয়েছেন কবির বকুল।