
শিল্পীরা যে একটু বেশি আবেগপ্রবণ হন, সে তো সবারই জানা। মার্কিন গায়িকা সেলেনা গোমেজের ক্ষেত্রে সেই আবেগ বর্ষায় নদীর মতোই টইটম্বুর। তাঁর আবেগের নদী সারা বছর যেন ভরে থাকে বর্ষাজলে। না হলে কি আর প্রেমের গান গাইতে গিয়ে মঞ্চেই কেঁদে ফেলে কোনো শিল্পী!
গান গেয়ে ভক্তদের নাকি কাঁদানোর অভ্যাস আছে সেলেনার। ভক্ত-হৃদয়ে তাঁর গান দাগ রেখে যায় বলেই ঘন ঘন তাঁর কনসার্টের আয়োজন করা হয়। দেশ-বিদেশে কনসার্ট করতে যেতে হয় তাঁকে। আজ থেকে সামনের ১৮ দিন তাঁকে গাইতে হবে ১১টি অনুষ্ঠানে। সবগুলোই নিজের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন রাজ্যে। এত যে কনসার্ট, সে তো আর এমনি এমনি নয়। গায়কির মতো তাঁর গানের কথা-সুরও শ্রোতাকে স্পর্শ করে। ফলে তাঁর গান শোনা বা কনসার্টে যোগ দেওয়া দর্শকেরা থাকেন একটা মায়ার ঘোরে। তার ওপর প্রিয় গায়িকাকে সামনে থেকে কাঁদতে দেখলে কি আর সইতে পারা যায়!
গেল মাসের ২৬ তারিখ কানাডার মন্ট্রিয়েলে তাঁর কনসার্ট ছিল। সেখানে ঘটল এক দারুণ ঘটনা। ২০১১ সালে গাওয়া তাঁর জনপ্রিয় ‘হু সে’ গানটি গাইতে গিয়ে গানের কথা গেলেন ভুলে। কিছু বুঝে ওঠার আগেই উপস্থিত দর্শকেরা সমবেত কণ্ঠে সেটা গাইতে শুরু করলেন। বেজে চলল বাদ্য। বেশ কয়েকবার সেটা ধরতে চেষ্টা করেও পারলেন না সেলেনা। মনেই করতে পারলেন না কথাগুলো। বিস্মৃতি এর কারণ নয়। বহুবার এই গান গাইতে হয়েছে তাঁকে। ভক্তদের এমন অদ্ভুত সাড়া তাঁকে এতটাই অভিভূত করেছিল যে, তিনি যেন গানের কথাগুলো আর মনে করতেই চাননি। অন্য অনেক গানের মতো এ গানটিও মুখস্থ ছিল সেলেনা-ভক্তদের। সেদিনের কনসার্টে ভক্তদের এই কাণ্ড দারুণ আপ্লুত করেছিল সেলেনাকে। মঞ্চে সেদিন কেঁদেই ফেলেন তিনি। এই কান্না আনন্দের।
মঞ্চে কাঁদার আরও রেকর্ড আছে এই শিল্পীর। ২০১৩ সালে একবার ‘লাভ উইল রিমেমবার’ গানটি গাইতে গাইতে কাঁদতে দেখা গেল তাঁকে। অনুষ্ঠান শেষে জানতে চাওয়া হলো, পুরোনো কোনো স্মৃতি কি মনে পড়ে গিয়েছিল? কোনো অভাববোধ? সেলিনা বলেছিলেন, ‘“লাভ উইল রিমেমবার’’ আমার একেবারে ব্যক্তিগত জীবনের গান। সেটা আমার শ্রোতারা ঠিকই বুঝে নিয়েছেন। আমার ধারণা, এটা “সে”ও বুঝেছে।’
বৃহস্পতিবার কানাডার কনসার্টে শ্রোতাদের অমন সাড়ায় এতটাই আপ্লুত হয়েছিলেন সেলেনা যে সেটা ভাষায় প্রকাশ করতে পারেননি। তাঁদের এ রকম সমর্থনে কতটা উজ্জীবিত হয়েছেন, সেটা মঞ্চেই জানিয়েছেন। নিজের উত্থান-পতনের সাথি ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভক্তরা যেমন তাঁকে অনুপ্রাণিত করেন, তিনিও ভক্তদের শ্রদ্ধা জানান। তাঁদের এসব গল্প ও ছবি তুলে শেয়ার করেন সামাজিক মিডিয়ায়। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে গান করার এই যে আনন্দ আর প্রাপ্তি, তাঁকে ও তাঁর গানকে আরও সুন্দর করে তোলে।
রাসেল মাহমুদ
হলিউড লাইফ অবলম্বনে