এই জ্যোৎস্নায় একাকী দাঁড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গতকাল কাজী এম আরিফের আবৃত্তি অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পী ও অতিিথরা । ছবি: প্রথম আলো
জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গতকাল কাজী এম আরিফের আবৃত্তি অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পী ও অতিিথরা । ছবি: প্রথম আলো

মিলনায়তনভর্তি দর্শক। বাইরে মৃদুমন্দ বাতাস বইছে। একটু আগে হয়ে গেছে কালবৈশাখী৷ এমন পরিবেশে মিলনায়তনের ভেতরে একের পর এক কবিতা আবৃত্তি শুনল দর্শক। দুই বাংলার কবিতা নিয়ে স্থপতি ও আবৃত্তিশিল্পী কাজী এম আরিফের আবৃত্তির অ্যালবাম এই জ্যোৎস্নায় একাকী দাঁড়িয়ে-এর মোড়ক উন্মোচন হলো। দর্শকের জন্য বাড়তি পাওনা ছিল ব্রততি বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি।
মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ডেলভিস্তা ফাউন্ডেশন প্রযোজিত এ আবৃত্তির সিডির মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে আরও ছিলেন রফিক কায়সার, আলী ইমাম, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক মনোয়ারা ইসলাম, স্থপতি শাকুর মজিদ, শিমুল মুস্তাফা, ডেলভিস্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুস্তাফা খালীদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন শাহজিয়া ইসলাম। মোড়ক উন্মোচনের পর এই জ্যোৎস্নায় একাকী দাঁড়িয়ে অ্যালবামে স্থান পাওয়া কবিতাগুলো আবৃত্তি করে শোনান কাজী এম আরিফ। এর মধ্যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাঁশি’, জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’, শামসুর রাহমানের ‘জার্নাল’, ‘শ্রাবণ’, আবুল হাসানের ‘বনভূমি’, শহীদ কাদরীর ‘কে যেন বলছে’, জয় গোস্বামীর ‘মালতী বালা বালিকা বিদ্যালয়’, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমল কান্তি’, শক্তি চট্টোপাধ্যায়ের ‘আনন্দ ভৈরবী’, নির্মলেন্দু গুণের ‘তোমার চোখ এত লাল কেন’, ইত্যাদি। শেষে আবৃত্তি পরিবেশনায় অংশ নেন ব্রততি বন্দ্যোপাধ্যায়।
অ্যালবামটির নির্দেশনা দিয়েছেন পশ্চিমবঙ্গের ব্রততি বন্দ্যোপাধ্যায়, সংগীতায়োজনে প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়।