এই টাকায় ছবি হয়?
পরিচালক প্রস্তুত। ছবি বানানোর জন্য অনুদান হিসেবে সরকারের কাছ থেকে ১০ লাখ টাকা পেতে যাচ্ছেন। অবশ্য এ টাকা থেকে মূল্য সংযোজন কর হিসাবে ১৮ শতাংশ কেটে রাখা হবে। বাকি টাকায় ৪০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য ছবি হবে?
মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’ নির্মাণে হাত দিয়েছেন তরুণ নির্মাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব। সব প্রক্রিয়া শেষে হাতে পেয়েছেন ৩ লাখ টাকার চেক। অনুদানের বাকি টাকা পাবেন আরও দুই কিস্তিতে। অথচ ক্যামেরা, শিল্পী সম্মানীসহ খরচের সব খাতে অগ্রিম টাকা ঢালতে হচ্ছে তাঁকে। আবেদনের সঙ্গে বাজেট হিসেবে উল্লেখ করেছিলেন ১৫ থেকে ১৬ লাখ টাকা, পাচ্ছেন ১০ লাখ (ভ্যাট বাদে)। এই টাকায় কীভাবে ছবি হবে?
‘ওমর ফারুকের মা’ নিয়ে যে পরিকল্পনা করেছিলেন জাহিদুর রহমান, সেভাবে সবকিছু এগোচ্ছে না। দীর্ঘশ্বাস সহযোগে এই পরিচালক বলেন, ‘যে ক্যামেরা দিয়ে কাজ করতে চেয়েছিলাম, সেটা দিয়ে কাজ করা যাবে না। শিল্পী সম্মানীর ব্যাপারে যে পরিকল্পনা করেছিলাম, সেটা এখন লাগছে তিন গুণ। সব মিলিয়ে পরিকল্পিত বাজেট থেকে অনেক বেশি টাকা খরচ হয়ে যাবে। হয়তো ২৪ থেকে ২৫ লাখ হতে পারে। এই হচ্ছে পরিস্থিতি। এত খরচের পরও ছবিটি দেখাতে হবে টেলিভিশনে।’ ছবি শেষ করবেন কীভাবে? জাহিদুর রহমান বলেন, ‘স্পনসর কিংবা সহপ্রযোজক ছাড়া এ ছবি করা যাবে না।’
ছবির গল্পের যুবক ওমর ফারুক পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের ভিপি। ১৯৭১ সালে ২৩ মার্চ পিরোজপুরের টাউন ক্লাব চত্বরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন তিনি, পুড়িয়ে ফেলেন শহরে উড়তে থাকা সব পাকিস্তানি পতাকা। মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পিরোজপুরের ট্রেজারি ভেঙে অস্ত্র লুট করেন তিনি, সুসংগঠিত করতে থাকেন মুক্তিযোদ্ধাদের। এক রাতে পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন এই যুবক। ওই সময় তাঁর কাছে বাংলাদেশের সাতটি পতাকা পায় পাকিস্তানি সেনারা। নির্যাতন করে মেরে ফেলার আগে ওমর ফারুকের মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে একটি করে পতাকা ঢুকিয়ে দেওয়া হয়। পরিচালক জানান, এখন ছবির শুটিংয়ের আগে প্রস্তুতি চলছে। আসছে ১৫ সেপ্টেম্বর পিরোজপুরে শুরু হবে শুটিং। ২৪ সেপ্টেম্বরের মধ্যে শুটিং শেষ করতে হবে।
মুক্তিযুদ্ধের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘ওমর ফারুকের মা’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান এবং ওমর ফারুকের চরিত্রে সাঈদ বাবু। এ ছাড়া অন্যান্য চরিত্রে দেখা যাবে বন্যা মির্জা, শাহেদ শরীফ খান, খাইরুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, সালমা রহমান, আইনুন পুতুল, রিপন চৌধুরী, কাজী রাজু, সৈয়দ শুভ্র, মুকুল সিরাজ, এ বি এম মোতাহারুল ইসলাম, প্রণব ঘোষ, রোশেন শরিফ ও তুহিন আহমেদকে।