আগামীকাল ২৪ মে ঢাকাসহ সারা দেশে প্রায় ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাহীন কবির টুটুল পরিচালিত চলচ্চিত্র এই তো ভালোবাসা। স্যাটেলাইট চ্যানেল আরটিভি প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন ইমন, নিরব, সিদ্দিকুর রহমান, নিপুণ, মিজু আহমেদ, সোহেল খান, ফারুখ আহমেদ, প্রবীর মিত্র প্রমুখ।গান লিখেছেন কবির বকুল, শফিক তুহিন, জাহিদ আকবর, শেখ সুমন ও শাহীন কবির। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল, আরফিন রুমি, তৌসিফ, হূদয় খান, ন্যান্সি, কনা ও লিজা।ছবির পরিচালক বলেন, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। আগে ছোট পর্দায় কাজ করেছি। সেই অভিজ্ঞতা থেকেই চলচ্চিত্র নির্মাণের সাহস পেয়েছি। একেবারেই ভিন্ন গল্প ও ভিন্ন আঙ্গিক নিয়ে নির্মাণ করেছি ছবিটি।’বেকার তিন যুবক ইমন, নিরব ও সিদ্দিক। তারা ঢাকা শহরে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর। স্বপ্ন বাস্তবায়নের জন্য রাজ্যসহ রাজকন্যা হাসিলের উদ্দেশ্যে মিশনে নামে তারা। তিন বন্ধু টার্গেট করে অবসরপ্রাপ্ত এক কর্নেলকে। কৌশলে কর্নেলের বাসায় ঢুকে তাঁর মেয়ে রানীকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করে তিন বন্ধুই। কিন্তু তাদের সব কৌশলই ব্যর্থ হয়। এরপর...?পাঠক, পুরো বিষয়টি জানতে হলে আপনাকে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে চলচ্চিত্রটি।