এই দিন এসেছিল ওয়াকম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসারু ইবুকা, সনির তখনকার চেয়ারম্যান
মাসারু ইবুকা, সনির তখনকার চেয়ারম্যান

এই দিনটিতে ঘটেছিল এক অসাধারণ ঘটনা। বাজারে এসেছিল ওয়াকম্যান। এনেছিল সনি। সেটা ১৯৭৯ সাল।
এ কালের মানুষেরা কি ওয়াকম্যানের মজা বুঝতে পারবে?
সে এক যুগ ছিল বটে।
একটু আগে থেকেই শুরু করা যাক।
ট্রানজিস্টার রেডিও মাতিয়ে রেখেছিল গত শতাব্দীর পঞ্চাশের দশকের মানুষকে। গান শোনার জন্য এর চেয়ে বড় মাধ্যম আর কিছুই ছিল না। দামও ছিল কম, জিনিসটিও ছিল হালকা, বয়ে নিয়ে যাওয়া যায় যেখানে ইচ্ছে। একটাই ছিল অসুবিধা, আওয়াজটা শোনা যেত না ভালো। কণ্ঠ ও বাদ্যের ঠিক আওয়াজটা পাওয়া যেত না। স্টেরিও ক্যাসেট প্লেয়ার আবিস্কারের আগ পর্যন্ত এটাই ছিল বহনযোগ্য গান শোনার মূল যন্ত্র। এবং তারপর ১৯৭৯ সালের ১ জুলাই সনির ওয়াকম্যান এসে পাল্টে দিল গান শোনার আমেজ। এ সবকিছুই মোবাইল ফোন আর ডিজিটাল দুনিয়ায় প্রবেশের আগের কথা।
কারিগরি দিক থেকে এটা খুব বড় বিপ্লব ছিল, এমনটা বলা যাবে না, কিন্তু কল্পনার ডানা মেলে দেওয়ার দিক থেকে এটা সত্যিই ছিল এক দারুণ ব্যাপার। যা দিয়ে এই ওয়াকম্যান তৈরি, তার সব উপাদানই কোনো ​না কোনো যন্ত্রে ব্যবহার করা হতো আগে থেকেই, কিন্তু শুধু গান শোনার জন্য একটা যন্ত্র, সেটা ছিল তখনও কল্পনার বাইরে!
সনির কিংবদন্তি চেয়ারম্যান মাসারু ইবুকা ছিলেন সংগীতপ্রেমী। কোথাও যদি যেতে হতো, তাহলে তিনি বহনযোগ্য স্টেরিও সেট নিয়েই ​প্লেনে উঠতেন। কিন্তু সে সেটগুলো ছিল আকারে বিশাল। তখন মাসারু ইবুকা তাঁর কোম্পানির ডেপুটি চেয়ারম্যান নোরিও ওগাকে বললেন, ছোটখাঁটো কিছু ভেবে বের করে দেখতে। সাংবাদিকেরা যে টেপ রেকর্ডার ব্যবহার করতেন, সে ধরনের একটি স্টেরিও সেট তৈরি করে ওগা দিলেন ইবুকাকে। তবে সেটাও কিন্তু আকারে ছিল বড়, ব্যাটারিও লাগত অনেক বেশি। আর তাতে কিছু রেকর্ড করা যেত না, শুধু টেপ করা গানই শোনা যেত। ফ্লাইটের মাঝপথেই শেষ হয়ে যেত ব্যাটারি। কিন্তু আওয়াজটা ছিল দারুণ। ইবুকা​ তা খুবই পছন্দ করলেন। এরপর শুরু হলো কী করে এই যন্ত্রটির উন্নয়ন ঘটানো যায়, কী করে সহজে বহনযোগ্য করে তোলা যায়—তা নিয়ে কাজ।
যে যন্ত্রে শুধু গান শোনা যায় কিন্তু রেকর্ড করা যায় না, কেন তা মানুষ পছন্দ করবে? এ রকম যন্ত্র কি ব্যবসায়িক দৃষ্টিতে সফল হবে? ইবুকা বললেন, ‘হাঁটাহাটি, ঘোরাঘুরির সময় যদি একটা যন্ত্র থাকে হাতের কাছে, তাহলে কেন মানুষ শুনবে না?’ আর এই সিদ্ধান্ত থেকেই ঘটে গেল এক অনন্যসাধারণ ঘটনা।
চারমাসের মধ্যেই সনি’র প্রকৌশলীরা তৈরি করে ফেললেন ওয়াকম্যান। দাম রাখা হলো ৩০ হাজার ইয়েন (তখনকার হিসেবে ১৫০ মার্কিন ডলার)। যন্ত্রটি বাজারে আনা হলো জাপানি শিক্ষার্থীদের গ্রীষ্মকালিন ছুটির আগে আগে।

১৯৭৯ সালের ওয়াকম্যান
১৯৭৯ সালের ওয়াকম্যান

প্রথমবারেই ঝুঁকি নিয়ে তৈরি করে ফেলা হয়েছিল ৩০ হাজারটি ওয়াকম্যান। কিন্তু জুলাই মাসে বিক্রি হলো মাত্র ৩ হাজারটি। তাহ​লে কি ক্রেতারা পছন্দ করছেন না যন্ত্রটি?
তখন ধরা হলো অন্যরকম প্রচারণার স্টাইল। যারা টোকিও’র রাস্তায় হাঁটছেন, সনির প্রতিনিধিরা গিয়ে তাদের কানে ধরল ওয়াকম্যান। শুনতে দিলো গান। আর অদ্ভুত ব্যাপার, আগস্ট মাসে শেষ হওয়ার আগেই সবগুলো ওয়াকম্যানই বিক্রি হয়ে গেল!
যুগ পাল্টে গেছে। কত সহজ হয়ে গেছে গান শোনা! যে কেউ চাইলে এখন পেনড্রাইভে গান ভরে চালিয়ে দিতে পারেন টেলিভিশনে কিংবা মোবা​ইলে ভরে নিতে পারেন গান। এ যুগের নতুন তরুণ-তরুণীরা ভাবতেও পারবে না, গান শোনার জন্য কত কষ্টই না পোহাতে হয়েছে গত শতাব্দীর ষাট-সত্তর দশকের তরুণ প্রজন্মকে।
‘দিস ডে ইন হিস্ট্রি’ অবলম্বনে ফিচারটি তৈরি করা হয়েছে।