এই দিনে ব্রুস লি চলে গিয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুস লি
ব্রুস লি

ব্রুস লিকে কি মনে রেখেছি আমরা? সেই নায়ক, যিনি চলচ্চিত্রে কুংফুর অধীশ্বর হয়ে উঠেছিলেন! সারা পৃথিবী​র চলচ্চিত্র মহলে ব্রুস লির ভিন্ন ধরনের অভিনয়ে পড়ে গিয়েছিল সাড়া!

আজকের দিনে, ১৯৭৩ সালে মাত্র ৩২ বছর বয়সে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মারা যান এই অভিনেতা। বলা হয়ে থাকে ব্যথানিরোধক ওষুধ খাওয়ার পর তার প্রতিক্রিয়ায় এই মৃত্যু ঘটে।

১৯৪০ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জন্মেছিলেন ব্রুস লি। চীনা অপেরা তারকা বাবা সে সময় তাঁর দল নিয়ে মার্কিন দেশে ট্যুর করছিলেন। ১৯৪১ সালেই সপরিবারে তাঁরা চলে আসেন হংকংয়ে। বড় হয়ে ব্রুস লি ২০টি চায়নিজ চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি নাচের ওপর যেমন প্রশিক্ষণ নেন, তেমনি কুং ফুতেও হয়ে ওঠেন পারদর্শী। ১৯৫৯ সালে ব্রুস লি ফিরে আসেন যুক্তরাষ্ট্রে। পড়াশোনা করেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে। লিন্ডা এমেরিকে বিয়ে করেন ১৯৬৪ সালে। সিয়াটলে চালু করেন মার্শাল আর্ট স্কুল। ১৯৬৬-৬৭ সালে তিনি লস অ্যাঞ্জেলেসে এসে ‘দ্য গ্রিন হর্নেট’ নামে একটি টেলি অনুষ্ঠানে অংশ নেন। যুক্তরাষ্ট্রের কারাতে প্রতিযোগিতাগুলোতেও অংশ নেন তিনি। 

একটি দারুণ তথ্য হলো, নিজের মার্শাল আর্ট স্কুলে সে সময়ের তুখোড় হলিউড তারকা স্টিভ ম্যাককুইনকেও তিনি পেয়েছিলেন শিক্ষার্থী হিসেবে।
বলিউডের ডাক ছিল, কিন্তু ১৯৭০ সালে ব্রুস লি ফিরে আসেন হংকংয়ে। এরপরই যে ছবিগুলোয় অভিনয় করেন, সেগুলো দারুণ জনপ্রিয়তা পায়। ছবিগুলোর মধ্যে ছিল ‘দ্য বিগ বস’, ‘দ্য ওয়ে অব দ্য ড্রাগন’, ‘এন্টার দ্য ড্রাগন’। শেষ ছবিটি হলিউডে মুক্তি দেয় ওয়ার্নার ব্রাদার্স, ১৯৭৩ সালের আগস্ট মাসে। কিন্তু তার আগের মাসেই ব্রুস লি মারা যান।
সিয়াটলে সমাহিত করা হয় এই বিখ্যাত কুংফু তারকাকে।