এই নাটকটি এক ধরনের নিরীক্ষা
প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে মঞ্চে নির্দেশনা দিলেন পান্থ শাহরিয়ার। বিজয় টেন্ডুলকারের লেখা নাটকটির নাম ঘাষিরাম কোতোয়াল। নাগরিক নাট্যসম্প্রদায়ের ব্যানারে ১০ ডিসেম্বর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে। আজ পান্থ শাহরিয়ারের সাক্ষাৎকার।আপনার প্রথম নির্দেশিত নাটক মঞ্চে এসেছে। নিজের অনুভূতি কেমন?এর আগে নাগরিক নাট্যসম্প্রদায়ের কর্মশালাভিত্তিক ছোট ছোট দুটি প্রযোজনার নির্দেশনা দিয়েছি। তবেঘাষিরাম কোতোয়াল নাটকটি আমার মঞ্চে পূর্ণাঙ্গ নির্দেশনা। প্রায় ছয় মাস ধরে এ নাটক নিয়ে কাজ করেছি। কাজটি কিছুটা জটিলও ছিল। পুরো নাটকটিতে চরিত্র পরিবর্তন থেকে শুরু করে পোশাক পরিবর্তনও মঞ্চে দর্শকের সামনেই করা হয়েছে। এটি নাট্যপ্রকাশের মধ্যেই পড়ে। সেই সঙ্গে নাটকটিতে নাগরিকের একেবারেই নতুন, যাদের অনেকই এই প্রথম মঞ্চে উঠল—এসব ছেলেমেয়েকে দিয়ে কাজটি ভালোভাবে মঞ্চে তুলতে পেরে আমি খুশি।প্রথম প্রদর্শনীতে দর্শকের সাড়া কেমন ছিল?নাটকটি দর্শকেরা ভীষণ পছন্দ করেছে। এ নাটকটি তরুণদের নিয়ে এক ধরনের নিরীক্ষা, যা দর্শকের কাছে পৌঁছাতে পেরেছে। মঞ্চের যাঁরা মুরব্বি আছেন, তাঁদের অনেকেই নাটকটি দেখার আরও আগ্রহ দেখিয়েছেন। আপনি প্রথম মঞ্চনাটকটিও লিখেছেন?হ্যাঁ। নাটকটির নাম বারামখানা। কয়েক মাস আগে থিয়েটারের ব্যানারে নাটকটি মঞ্চে এসেছে। নাটকটির নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। ইতিমধ্যে নাটকটির বেশ কয়েকটি প্রদর্শনীও শেষ হয়েছে। মঞ্চের জন্য নাটক লেখায় আগ্রহী হলেন কীভাবে?আমি মঞ্চের কর্মী। দীর্ঘদিন ধরে নাগরিকের সঙ্গে কাজ করছি। তাই মঞ্চে লেখার আগ্রহ অনেক দিনের। একদিন ত্রপা এসে বললেন, ‘আমার একটি পাণ্ডুলিপি লিখে দেবেন?’ আমি লেখার আগ্রহ প্রকাশ করে তাঁকে জিজ্ঞেস করলাম, ‘কী নিয়ে কাজ করা যায়।’ ত্রপা বললেন, ‘আমি সুনীলের মনের মানুষ উপন্যাসটি পড়েছি। আপনি পড়ে দেখতে পারেন।’ উপন্যাসটি পড়ার পর খুবই ভালো লেগে গেল। পরে তাঁর গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি লিখব বলে সিদ্ধান্ত হলো। তখন থেকেই আমি নাটকটি লেখা শুরু করি।আপনার লেখা নাটকটির প্রথম প্রদর্শনীটি দেখার পর আপনার কেমন লেগেছে?ভালো লেগেছে। আমি নিজেও নাটকটির প্রথম প্রদর্শনী মনোযোগ দিয়ে দেখেছি। ভালো হয়েছে এবং প্রথম প্রদর্শনী আমার থিয়েটারের অনেক বন্ধুই দেখেছেন, তাঁরা অনেক প্রশংসা করেছেন। আবার দর্শকের প্রতিক্রিয়াও ভালো। নাটকটিতে দেখা যায় লালনের জীবনকে না এনে তাঁর দর্শনকে আনা হয়েছে। কেন?এখানে দর্শনকে আনার কারণ, বর্তমান সময়ে তাঁর দর্শনকে আমরা কীভাবে ব্যবহার করছি, তা তুলে ধরা হয়েছে। আর লালনের এ বিষয়টিই এখন গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমার কাছে মনে হয়। তাঁর এই দর্শন আমরা এখন কোথায় নিয়ে দাঁড় করিয়েছি, তা নাটকে তুলে আনা হয়েছে। নাটকটির নাম বারামখানা। মানে লালন যে জায়গায় বসে গান রচনা করেছেন, গেয়েছেন—সেই জায়গায় বসে তাঁর দর্শনকে একটা সময় এসে মাজারখানায় পরিণত হয়েছে। লালনের দর্শনকে মাজার ব্যবসায় রূপান্তরিত করা হয়েছে। লালনের দর্শন থেকে বিচ্যুত হয়ে বর্তমান সময়ে তাঁকে নিয়ে যে মাজার-ব্যবসা হচ্ছে, নাটকে সে বিষয়টিই দেখানো হয়েছে।এখন থেকে কি নিয়মিত নাটক লিখবেন?এ নাটকটি মঞ্চে আসার পর আমি আরও নাটক লেখায় উৎসাহিত হচ্ছি এবং আমি লিখব। বর্তমান সময়ে থিয়েটারকে এগিয়ে নিতে হলে আমাদের প্রজন্মকেই এখন এগিয়ে আসতে হবে।