এই প্রথম এক ছবিতে সঞ্জয়-আমির
একসঙ্গে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের প্রখ্যাত দুই অভিনেতা সঞ্জয় দত্ত ও আমির খান। ‘পিকে’ ছবির মাধ্যমে দর্শকদের সামনে এই সুযোগ এনে দিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া বলিউডি চিত্রনির্মাতা রাজকুমার হিরানি। ‘পিকে’ ছবির শিল্পী নির্বাচনে এখন পর্যন্ত বেশ কবার রদবদল এসেছে। এই ছবিতে আমির খান, আনুশকা শর্মা ও সুশান্ত সিং রাজপুতের অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে। ছবির অভিনয়শিল্পীর তালিকায় সর্বশেষ সংযোজন সঞ্জয় দত্ত। এ প্রসঙ্গে ‘পিকে’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, সঞ্জয় দত্তের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। দেরিতে হলেও গুরুত্বপূর্ণ চরিত্রেই তাঁকে নেওয়া হয়েছে। তিনি রাজস্থানের এক গ্রাম্য লোকের ভূমিকায় অভিনয় করবেন। সূত্রটি আরও জানিয়েছে, ছবির চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন আনার সময় নতুন কয়েকটি চরিত্র যুক্ত করা হয়। সেই চরিত্রগুলোর একটিতে সঞ্জয়কে নেওয়া হয়েছে। ২০১২ সালের অক্টোবরে ছবির শুটিং শুরুর কথা ছিল। কিন্তু ওই বছরের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি: ওহ মাই গড’ ছবির বিষয়বস্তুর সঙ্গে ‘পিকে’ ছবির বিষয়বস্তু মিলে যাওয়ায় এর চিত্রনাট্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত, এ কারণেই ছবির কাজ পিছিয়ে যায়।