এই প্রথম ছেলে মিমোর সঙ্গে মিঠুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মিমোর অভিনয়ে অভিষেক হয়েছিল বলিউডের ছবি দিয়ে। এবারে বাংলা চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তাঁর। কলকাতার চলচ্চিত্র নির্মাতা সুজিত মণ্ডলের ‘রকি’ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন মিঠুন ও তাঁর ছেলে মিমো।সম্প্রতি মুম্বাইয়ে ছবিটির একটি গানের দৃশ্যায়নের কাজ হয়েছে। ‘রকি’ ছবির শীর্ষ সংগীত হিসেবে ব্যবহূত হবে গানটি। কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন মুদাচ্ছের খান। এর আগে সালমান খানের ‘ঢিংকা চিকা’, ‘হামকা পিনি হ্যায়’, ‘পান্ডেজি মারে সিটি’র মতো জনপ্রিয় গানের কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।মিমোর সঙ্গে নাচের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে মিঠুন বলেন, ‘অবিশ্বাস্য শোনালেও মিমোর সঙ্গে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াতে গিয়ে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সে আমার চেয়ে শতগুণ ভালো নাচে। নাচের দৃশ্যে তার সঙ্গে তাল মেলানোর জন্য সব সময় সচেতন থাকতে হয়েছে আমাকে।’অন্যদিকে, মিঠুন সম্পর্কে মিমোর মন্তব্য, ‘সত্যিকারের ডিসকো ড্যানসার আমার বাবা। তাঁর সঙ্গে নাচের দৃশ্যের শুটিং করার সময় আমার মাথা ঝিম ঝিম করছিল। তিনি বারবার আমায় জিজ্ঞেস করছিলেন, তাঁর নাচ ঠিক হচ্ছে কি না। কিন্তু আমি খুব ভালোভাবেই জানি, সেটা ছিল তাঁর বিনয়।’এদিকে, মিমো ও মিঠুনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মুদাচ্ছের খান। তাঁর মতে, ‘গানটিতে তাঁরা দুজনই দারুণ নেচেছেন। নাচতে খুবই ভালোবাসেন মিমো। তাঁর নাচ দেখলেই সেটা বোঝা যায়। আর মিঠুন দাদার নাচ সম্পর্কে আমার বলার কিছু নেই। তাঁর নাচ দেখে দেখেই বড় হয়েছি আমি।’