এই প্রথম জুটি হলেন ইমন-সারিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পর্দার অভিনেতা হলেও মাঝেমধ্যে অনুরোধে ছোটপর্দার জন্য নির্মিত নাটক ও টেলিছবিতে অভিনয় করেন ইমন; আর সারিকা ছোটপর্দার কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকেন। সম্প্রতি বড়পর্দায় অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেছেন সারিকা। তবে এই প্রথম বড় ও ছোটপর্দার এ দুই অভিনয়শিল্পী একসঙ্গে অভিনয় করলেন। টেলিভিশনের জন্য নির্মিত একটি টেলিছবিতে তাঁরা জুটি হয়ে অভিনয় করেছেন; নাম ‘ভ্যালেন্টাইন’। কাতারের মনোরম লোকেশনে এই টেলিছবির শুটিং শেষ করে শুক্রবার রাতে দেশে ফিরেছেন ইমন ও সারিকা।সারিকা বলেন, ‘ইমন আমার খুব ভালো বন্ধু। বেশ কয়েক বছর ধরে অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে জড়িত থাকলেও ইমন ও আমি একসঙ্গে জুটি হয়ে কোনো কাজ করিনি। এবারই প্রথম একসঙ্গে অভিনয় করলাম। টেলিছবিটি খুব চমত্কার একটি গল্পের।’সারিকা আরও বলেন, ‘কাতারে এখন প্রচণ্ড গরম। এই গরমের মধ্যেই ছবির শুটিং করতে হয়েছে। ইমনের সঙ্গে জুটি হয়ে প্রথম শুটিংয়ে সবাই মিলে অনেক মজা করেছি।’ইমন বলেন, ‘এই টেলিছবিতে প্রথম দিকে আমাকে অ্যান্টিহিরো হিসেবে দেখানো হবে। তবে শেষদিকে কিছু চমক আছে। সবকিছু মিলে অন্য রকম একটি গল্পে কাজ করলাম। আমার বিশ্বাস, টেলিছবিটি সবার ভালো লাগবে।’এবারের ঈদে কাতারের প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছিলেন ইমন ও সারিকা। অনুষ্ঠান থেকে ফেরার পথে তাঁরা ওই টেলিছবির কাজ করেন।