এই প্রথম তিন তারকা
প্রায় আট মাস পর মুক্তি পেতে যাচ্ছে পপি অভিনীত ছবি ‘স্বামী আমার বেহেশত’। ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু। ছবিটিতে একসঙ্গে পর্দায় দেখা যাবে এক সময়ের দুই জনপ্রিয় নায়িকা ববিতা ও সুচরিতা, সঙ্গে পপিকেও। এত দিন চলচ্চিত্রে তাঁরা বিচ্ছিন্নভাবে কাজ করলেও এবারই প্রথম একসঙ্গে অভিনয় করলেন। ছবিটি আগামী সপ্তাহে ঢাকা এবং এর আশপাশের এলাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিতে কাজ করা প্রসঙ্গে পপি বলেন, ‘প্রায় বছরখানেক আগে আমরা ছবিটিতে কাজ করেছিলাম। চমৎকার গল্পের ছবিটির কাহিনি যৌথপরিবারের দুই ভাই এবং তাঁদের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব। এই প্রথম আমি ববিতা ও সুচরিতা ম্যাডামের সঙ্গে অভিনয় করেছি। দুজনই আমার খুবই পছন্দের অভিনেত্রী। এত বড় মাপের দুজন অভিনেত্রীর সঙ্গে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাকেও আমি সৌভাগ্যের মনে করছি। এ ছাড়া আমি এটাকে অনেক স্মরণীয় একটি কাজ মনে করছি। এ জন্য ছবির পরিচালককে ধন্যবাদ দিতে চাই।’পপি বলেন, ‘তাঁদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। ছবিটি আগামী সপ্তাহে মুক্তি পাবে।’