এই প্রথম নাটকের গানে রুনা-সাবিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লা, ছবি সংগ্রহ
সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লা, ছবি সংগ্রহ

প্রথমবারের মতো কোনো নাটকের গানে কণ্ঠ দিলেন দেশের প্রখ্যাত দুই সংগীতশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। গানটি ‘দলছুট প্রজাপতি’ ধারাবাহিক নাটকে ব্যবহূত হবে।

ফরিদ আহমেদের সুর ও সংগীতায়োজনে গানটিতে গতকাল রোববার কণ্ঠ দেন রুনা লায়লা। এর আগে গত মে মাসে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমীন। ফারিয়া হোসেন রচিত ‘দলছুট প্রজাপতি’ ধারাবাহিকের পরিচালক আরিফ খান।

‘দলছুট প্রজাপতি উড়ে যায় কোন আকাশে, জানে না কেউ জানে না দাগ রেখে যায় বাতাসে, ছাড়িয়ে অচেনা শহর, মাড়িয়ে জোছনা প্রহর, আবার সে নীড়ে ফিরে আসে’—এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।

সাবিনা ইয়াসমীন বলেন, ‘বড় শিল্পীর সঙ্গে গান গাওয়াটা খুব আনন্দের। এই কাজটাও তেমনই। গানটির সুর ও সংগীত পরিচালনা খুবই ভালো হয়েছে। ফরিদ বরাবরই চমত্কার সুর করেন। তা ছাড়া গানটির কথাও ভালো।’

সাবিনা ইয়াসমীন আরও বলেন, ‘আমাদের দেশে গায়িকাদের দ্বৈত গান খুব একটা হয় না। হলে হয়তো রুনা লায়লার সঙ্গে আমার আরও গান করা হত। আমরা দুজন কিন্তু অনেক অনুষ্ঠানে একসঙ্গে অংশ নিয়েছি। মঞ্চে গান গেয়েছি। রিয়েলিটি শোর বিচারকও হয়েছি।’

সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লা প্রথম একসঙ্গে গান করেন ১৯৭৬ সালে। সত্য সাহার সুরে গাওয়া গানটি ‘প্রতিনিধি’ ছবিতে ব্যবহূত হয়। এবারই প্রথম এই দুই সংগীতশিল্পী কোনো নাটকের গানে কণ্ঠ দিলেন।