এই প্রথম পপির জুটি জায়েদ
পপি ও জায়েদ খান; বাংলা চলচ্চিত্রের এই দুই অভিনয়শিল্পী এবারে এক ছবিতে জুটি হলেন। ছবির নাম ‘বিয়ে হলো বাসর হলো না’। পপি ও জায়েদ খান জুটির এটি প্রথম ছবি।ছবিটি পরিচালনা করছেন রাকিবুল আলম। সম্প্রতি এফডিসিতে মহরতের মধ্য দিয়ে ছবির শুটিং শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার অদূরে হোতাপাড়ায় একটানা কয়েক দিন শুটিং করে ঢাকায় ফিরেছেন তাঁরা। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পপি অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। অভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। অন্যদিকে জায়েদ খান বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সম্ভাবনাময় একজন অভিনেতা। অল্প সময়ের চলচ্চিত্রের ক্যারিয়ারে জায়েদ খান তাঁর অভিনয় দিয়ে আলোচিত হয়েছেন।জানা গেছে, দুই দিন বিরতির পর ৬ জুলাই ঢাকায় ছবিটির শুটিং শুরু হবে। প্রথম আলো ডটকমকে জায়েদ খান বলেন, ‘নিঃসন্দেহে পপি ঢাকার চলচ্চিত্রের অনেক জনপ্রিয় ও গুণী একজন অভিনয়শিল্পী। তাঁর মতো একজন শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে নিজেরও ভালো লাগছে। অনেক কিছু জানতে পারছি।’জায়েদ খান বলেন, ‘পপি অনেক সিনিয়র শিল্পী হলেও তা খুব একটা টের পেতে দেননি তিনি। কাজের সময় এতটা আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেন যে আসলেই তা আমাকে মুগ্ধ করেছে।’ ছবির গল্প সম্পর্কে জায়েদ বলেন, ‘গতানুগতিক গল্প নয়। অন্য রকম একটা ব্যাপার আছে। এতটুকু বলতে পারি, ছবিটি অনেকেরই ভালো লাগবে।’ ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন—আমান, সুচরিতা, মিজু আহমেদ, শিবা সানু প্রমুখ। জানা গেছে, সামনের ঈদুল ফিতরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেভাবেই শুটিং এবং অন্যান্য কার্যক্রম চালানো হচ্ছে।