এই প্রথম বিপ্লব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো নাটকের শীর্ষ সংগীতে কণ্ঠ দিলেন প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে নির্মিতব্য ধারাবাহিক নাটক ‘ফেসবুক’-এর শীর্ষ সংগীতে কণ্ঠ দিলেন তিনি। কণ্ঠ দেওয়া ছাড়াও ফেসবুক ধারাবাহিকটির আবহ সংগীতের কাজও করছেন বিপ্লব। গানটির কথা লিখেছেন বশির আহমেদ। পাশাপাশি নাটকটি পরিচালনার কাজও করবেন তিনি।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে বিপ্লব বলেন, ‘গানের সঙ্গে অনেক বছর ধরেই আছি। কিন্তু কখনোই নাটক কিংবা টেলিছবির শীর্ষ সংগীত নিয়ে কাজ করিনি। এবারই প্রথম নাটকের গানের কাজ করলাম। আশা করছি, আমার অন্য গানগুলোর মতো ফেসবুক নাটকের শীর্ষ সংগীতটিও সবার ভালো লাগবে।’ফেসবুক নাটকের শীর্ষ সংগীত ছাড়াও বিপ্লব বর্তমানে ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘রোজার ঈদের জন্য দুজন নবীন শিল্পীর গানের কাজ করছি। এ ছাড়া নিজের ব্যান্ড নিয়েও গান করার কথা ভাবছি। দ্বৈত কণ্ঠের গান থাকার সম্ভাবনাও রয়েছে। সবগুলো গানই www.prometheusbd.com -এ বিনা মূল্যে রিলিজ দেওয়া হবে।’ গানগুলো প্রকাশের ক্ষেত্রে সিডি ফরম্যাট বাদ দিয়ে ওয়েবসাইট বেছে নিলেন, তাও আবার বিনা মূল্যে! এ প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘বাংলাদেশের অডিও শিল্পে এখন এক ধরনের অস্থিরতা চলছে। পাইরেসিসহ নানা জটিলতার কারণে শিল্পী থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাইরেসির বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসেবে নিজেই গানগুলো বিনা মূল্যে দেওয়ার এই সিদ্ধান্ত।’