এই প্রথম রাজ্জাকের বিপরীতে আনোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো নায়করাজ রাজ্জাকের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আনোয়ারা। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবিতে অভিনয় করবেন চলচ্চিত্রের এই দুই জীবন্ত কিংবদন্তি। রুম্মান রশীদ খানের কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে নির্মীয়মাণ এ ছবির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে ২৬ সেপ্টেম্বর, ঢাকায়। আর এতে অংশ নেবেন রাজ্জাক ও আনোয়ারা। আনোয়ারা বলেন, ‘আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। আজ এত বছর পর রাজ্জাক ভাইয়ের বিপরীতে কাজ করব, আমি সত্যি আনন্দিত। আর, ছবিতে আমার চরিত্র ও গল্প সম্পর্কে যা জেনেছি, তাতে মনে হচ্ছে নতুন ধারার একটি পরিচ্ছন্ন ছবি নির্মিত হতে যাচ্ছে। এর আগে দুবার রাজ্জাক ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি, তবে একক নায়িকা হিসেবে নয়। “গরীবের মেয়ে” ও “বাঁশরী” ছবিতে রাজ্জাক ভাইয়ের অন্য নায়িকা ছিলেন শাবানা ও কবরী। এ ছবি দুটিও প্রায় দুই যুগ আগের। তাই বলা চলে, দুই যুগ পর এককভাবে রাজ্জাক ভাইয়ের বিপরীতে অভিনয় করতে যাচ্ছি।’ মজার স্মৃতি মনে করে আনোয়ারা বলেন, ‘চাষী নজরুল ইসলামের “শুভদা” ছবিতে যখন নামভূমিকায় অভিনয়ের প্রস্তাব পাই, তখন বেশ খুশি হয়েছিলাম। কারণ, জানতে পেরেছিলাম, ছবিতে রাজ্জাক ভাই আছেন। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে, তাঁর বিপরীতে অভিনয় করব—এই আনন্দে বিভোর ছিলাম তখন। কিন্তু শুটিংয়ে গিয়ে দেখি, আমার বিপরীতে আরেক মেধাবী অভিনেতা প্রয়াত গোলাম মুস্তফা ভাই। আর রাজ্জাক ভাই ছবিতে আমাকে “কাকিমা, কাকিমা” বলে সম্বোধন করবেন। এটা জানার পর মনে মনে হেসে ফেলি।’ আনোয়ারার বিপরীতে অভিনয় প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘আনোয়ারা ও আমি “পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি” ছবিতে শাকিব খানের দাদি ও দাদার চরিত্রে অভিনয় করছি। আনোয়ারা নিঃসন্দেহে একজন গুণী অভিনেত্রী। আশা করছি, আমরা সবাই মিলে একটি ভালো ছবি উপহার দিতে পারব।’ ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও জয়া আহসান। আরও অভিনয় করছেন দিতি, সুব্রত, আরেফিন শুভ, সাজু খাদেম প্রমুখ।