এই প্রথম রিয়াজ ও সজল

চলচ্চিত্র অভিনয়শিল্পী রিয়াজ। বেশ কয়েক মাস বিরতির পর সম্প্রতি অভিনয়ে ফিরলেন তিনি। তবে বড়পর্দায় নয়, রিয়াজ অভিনয় করছেন টিভি নাটকে। অন্যদিকে সজলকে সবাই ছোটপর্দার অভিনয়শিল্পী হিসেবেই চেনে। ইদানীং বড়পর্দায়ও অভিনয় করছেন তিনি। এবারই প্রথম রিয়াজ ও সজল একসঙ্গে অভিনয় করলেন। মোহন খানের রচনা ও পরিচালনায় টেলিছবিটির নাম একটি ফুল একটি ভুল। গতকাল বৃহস্পতিবার থেকে কক্সবাজারে টেলিছবিটির শুটিং শুরু হয়েছে।
কক্সবাজার থেকে প্রথম আলোকে রিয়াজ বলেন,‘ গল্পটা বেশ এন্টারটেইনিং। ঈদে দর্শকেরা এই ধরনের নাটকই দেখতে বেশি পছন্দ করেন বলে আমার মনে হয়। গল্পটি নিয়ে বেশি কিছু বলব না, তবে সবাইকে নাটকটি দেখার অনুরোধ করছি।’
সহশিল্পী প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘টিভিতে সজলের অনেক নাটক দেখা হয়েছে। সে অনেক ভালো অভিনয় করে। আর এবারই প্রথম একসঙ্গে আমরা দুজন অভিনয় করছি। কাজটি করতে যেয়ে মনে হচ্ছে, সজল অভিনয়ের ব্যাপারে খুবই সিনসিয়ার। বেশ আগ্রহ নিয়ে প্রতিটি দৃশ্যের কাজ করছে। দেখে খুবই ভালো লাগছে।’
এদিকে সজল বলেন, ‘মোহন খানের প্রতিটি কাজই দর্শকপ্রিয়তা পায়। তাঁর কাজগুলোতে বৈচিত্র্য থাকে। এবারের কাজটি একেবারে অন্য রকম। আশা করছি দর্শকেরা ঈদে ভালো মানের একটি টেলিছবি দেখতে পাবেন।’
পরিচালক সূত্রে জানা গেছে, এবারের ঈদে বাংলাভিশনে একটি ফুল একটি ভুল টেলিছবিটি প্রচারিত হবে।