এই প্রথম সোহান মিথিলা এবং আরজে সায়েম
সুপার হিরো প্রতিযোগিতার সোহান, মিথিলা এবং আরজে সায়েমকে এবারই প্রথম কোনো নাটকে একসঙ্গে দেখা যাবে। নাটকে সোহান, মিথিলা ও সায়েম তিন বন্ধু। এদের মধ্যে একজন শুধু মিথ্যা বলে বেড়ান। তবে সেটা ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য। আর সেই মিথ্যুকের পাল্লায় পড়েন মিথিলা। এই মিথ্যুক আর কেউ নয়। মিথিলারই বন্ধু। মিথ্যা কথা বলার কারণেই মিথিলা ভুল বুঝতে থাকে সোহানকে। অবশ্য শেষ দিকে মিথ্যার আশ্রয় থেকে বেরিয়ে আসে সোহান। অন্যদিকে মিথিলার আরেক বন্ধু সায়েম থাকে সত্যের পথে। কিন্তু শেষ পর্যন্ত মিথিলা কাকে বেছে নেবেন সেটাই দেখার বিষয়। এভাবেই মিথ্যুক নাটকের গল্প এগোতে থাকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এস এম শাহনেওয়াজ শানু।সোহান বলেন, এ রকম একটি নাটকে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। এ নাটকে আমরা তিনজনই প্রথমবারের মতো কাজ করছি। আমি বলব, নাটক শুধু বিনোদনের মাধ্যম নয়। এটি শিক্ষারও একটি মাধ্যম। মিথ্যুক নাটকে বিনোদনের মধ্য দিয়ে সেটাই দেখানো হয়েছে।নাটকটিতে অভিনয় সম্পর্কে মিথিলা বলেন, আমি আসলে খুব উপভোগ করছি নাটকটি। এ নাটকের দুই সহশিল্পীর সঙ্গে এটি আমার প্রথম কাজ। এমনকি পরিচালকের সঙ্গেও এটি প্রথম। এ ছাড়া ত্রিভুজ প্রেমের কোনো নাটকে এটিই প্রথম অভিনয়। বলতে পারেন আমার জীবনে অনেকগুলো প্রথম এ নাটকে জড়ো হয়েছে। অন্যদিকে সায়েম বলেন, মিথিলা আপুর সঙ্গে আমি প্রথম কোনো নাটকে অভিনয় করছি। বেশ সহযোগিতাও পাচ্ছি আপু থেকে। তা ছাড়া নাটকটির গল্পটা ভিন্নধর্মী মনে হয়েছে।