এই প্রথম হুমায়ূন আহমেদের সঙ্গে
জীবনে এই প্রথম হুমায়ূন আহমেদ স্যারের সঙ্গে কাজ করলাম। তাও কি না হঠাৎ করেই। মনে মনে ভাবতাম ওনার সঙ্গে কাজ করা যায় কীভাবে? অবশেষে সে সুযোগটা খুব সহজেই পেয়ে গেলাম। এটাকে অনেকটা মেঘ না চাইতেই বৃষ্টি বলতে পারি। আমি অসম্ভব খুশি স্যারের নাটকে কাজ করতে পেরে। এসব কথা বলছিলেন অভিনেতা ও পরিচালক সোহেল আরমান। হুমায়ূন আহমেদের পরিচালনায় নাটকটির নাম রুবিকস কিউব। গত কয়েক দিন ধরে ঢাকায় নাটকটির দৃশ্য ধারণের কাজ করা হয়েছে। নাটকটির গল্প গড়ে উঠেছে একজন মনোবিজ্ঞানীকে কেন্দ্র করে। বেশ কয়েকটি বিষয় এখানে কৌতুককরভাবে তুলে ধরা হয়েছে। আর এ নাটকটির মাধ্যমে সোহেল আরমান এই প্রথমবারের মতো হুমায়ূন আহমেদের সঙ্গে কোনো নাটকে কাজ করলেন। তিনি এও বলেন, ‘আমার দীর্ঘকালের স্বপ্ন ছিল স্যারের সঙ্গে কাজ করার। অবশেষে রুবিকস কিউব নাটকের মাধ্যমে সেই স্বপ্ন এবার পূরণ হলো। স্যারের সহকারী পরিচালক জুয়েল যখন আমাকে ফোন করেন তখন আমার বিশ্বাসই হচ্ছিল না, আমি স্যারের সঙ্গে কাজ করব। অবশেষে স্যারের সঙ্গে আমার কাজ করা হয়ে গেল।’বর্তমানে সোহেল আরমান নিজেও ঈদের কয়েকটি নাটক নির্মাণের কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে অন্যের পরিচালনা এবং নিজের পরিচালনারও কয়েকটি নাটক রয়েছে।