এই বেশ ভালো আছি!
বুলবুল আহমেদের একটি সাক্ষাৎকার প্রথম আলোর ‘আনন্দ’ বিভাগে প্রকাশিত হয়েছিল ২০০৮ সালের ১০ জুলাই সংখ্যায়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেই সাক্ষাৎকারের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো।কেমন আছেন?গত পাঁচ মাসে ভালো-মন্দ আবার নতুন করে চিনলাম। কে আপন, কে পর—তাও নতুন করে আবার জানলাম। দুধের মাছিরা দূর হয়েছে। যাঁদের প্রত্যাশা করিনি, এমন অনেকেই ছুটে এসেছেন আমার খোঁজখবর জানতে।আপনাকে সবাই ‘দেবদাস’ বলে ডাকে।দেবদাস! সত্যি বিয়োগান্তক এক কাহিনি। দেবদাসের জীবনের শেষ যে পরিণতি, আজ আমিও নিজের বেলায় সে রকমই অনুভব করছি অনেকটা। অভিনয়-অঙ্গনের চেনা-জানা মানুষের কারও দেখাই আর মেলে না। সারা দিন বাসায় থাকেন। সময়টা কীভাবে কাটে?সারা দিন ঘরে বসে থাকতে ভালো লাগে না। কাজ করতে না পারার কষ্ট মনে। কিন্তু কাদের সঙ্গে কাজ করব? যারা একসময় বলত, আপনি অসুস্থ হলে হাসপাতালে গিয়ে শুটিং করব। তাদের কেউই একবার আমার খোঁজও নিল না। আমার স্ত্রী ডেইজি এবং দুই মেয়ে, ছেলে আর নাতি-নাতনিরাই এখন আমার বেঁচে থাকার বড় প্রেরণা। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এখন আমার একটাই প্রত্যাশা—যে কটা দিন বাঁচি, যেন সুস্থভাবে বাঁচি। তার পরও বলব, এই বেশ ভালো আছি!এখন তো বিভিন্ন চ্যানেলে প্রায়ই আপনার ছবিগুলো দেখানো হয়।আমার অভিনীত চলচ্চিত্রগুলো যখন দেখি, তখন স্মৃতি হাতড়াতে থাকি। কখনো চোখ ভিজে ওঠে আনন্দে, কখনো বেদনায়।