এই মিল এই অমিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনকে একসঙ্গে দেখে বোঝার উপায় নেই, এঁরা কি বন্ধু, নাকি একে অন্যের শত্রু। ক্ষণে ক্ষণে দ্বিমত, বিতর্ক, আবার মুহূর্তেই ঐক্য। অনেকটা ধাঁধার মধ্যেই ফেলে দেন তাঁরা। মিম ও সারিকার কথা বলা হচ্ছে। দুজনই এ সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ।দুজনকেই আমন্ত্রণ জানানো হলো একসঙ্গে। সারিকা শুনেই বললেন, ‘মিম তো আমার দোস্ত। কোনো অসুবিধা নেই। আমি ওর সঙ্গে কথা বলে সব ঠিক করে নিচ্ছি।’মিম উপস্থিত, সারিকা কোথায়?মুঠোফোনে মিম ফোন দিয়ে সারিকার কাছে জানতে চাইলেন, ‘এই, তুই কোথায় রে?’সারিকা জানালেন তিনি গুলশানে। জানতে চাইলেন, মিম কোন রঙের, কী ধরনের পোশাক পরেছে। মিম বললেন, ‘ওয়েস্টার্ন পোশাক পরেছি। তুইও সে রকম কিছু একটা পরে আয়।’ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে মিম বললেন, ‘আমরা এ রকমই। কোথাও যাওয়ার আগে আলোচনা করে নিই।’সারিকার প্রশংসায় গদগদ মিম।তবে সারিকা আসার পর উল্টোটাই প্রমাণিত হলো। মিমের উল্টো পোশাক পরেছেন তিনি।সারিকার মাথায় টোকা দিয়ে মিম বললেন, ‘এই, তুই না বললি, আমার সঙ্গে মিলিয়ে পোশাক পরবি!’উত্তরে মিমকে চিমটি কেটে সারিকা বললেন, ‘তুই একটা বোকা। আমি তো ফটোসেশনে বৈচিত্র্য আনতেই এটা পরেছি।’আলোকচিত্রী কবির হোসেন ছবি তোলার জন্য দুজনকেই তাড়া দিলেন। সারিকা রূপসজ্জায় ব্যস্ত হয়ে গেলেন। মিম বললেন, ‘আর সাজুগুজু করতে হবে না। তুই তো এমনিতেই সুন্দরী।’সারিকাও কম যান না। ‘একজন সুন্দরীর সঙ্গে দাঁড়াচ্ছি, দেখতে পচা লাগলে লোকে কী বলবে?’ শুরু হলো ছবি তোলার পর্ব।দুজনের পরিচয় বেশি দিনের নয়। কিছুদিন আগে একটি ফ্যাশন ম্যাগাজিনের জন্য ছবি তুলতে গিয়ে দুজনের পরিচয় হয়। প্রথম পরিচয়ে দুজনই আলাপচারিতায় একে অপরকে বন্ধু হিসেবে সম্বোধন করেন। তারপর মেরিল-প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠান করতে গিয়ে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে।‘এরপর আমরা দুজনই খেয়াল করলাম, যেকোনো বিষয়েই আমরা একমত পোষণ করছি। আবার দুজনই হয়তো ভিন্নমত পোষণ করছি।’ বলছিলেন সারিকা।দুজনই ভালো বন্ধু, বোঝা তো গেল। ছোট পর্দায় এখন দুজনই ব্যস্ত সময় পার করছেন। আপনাদের লক্ষ্য কী?‘লক্ষ্য হচ্ছে, ভালো কাজ করা। ভালো বলতে জনপ্রিয় ধারার কাজ করতে চাই না। এমন একটা কাজ করতে চাই, যে কাজ দেখে আমাদের ভক্ত বলবে, আরে মিম, সারিকা তো দারুণ কাজ করছে। যেমন—সারিকার একটি আচারের বিজ্ঞাপনচিত্র যখন টিভিপর্দায় এল, তখন অনেকেই জানতে চেয়েছে, মেয়েটি কে রে? খুব সুন্দর লাগছে তো? সাধারণ মানুষের এই যে অনুভূতি, এটাই কিন্তু সারিকার কাছে বড় পাওয়া। আজকে আমরা তরুণ, আমার লক্ষ্য হচ্ছে, তরুণেরা আমাদের কাজ দেখে উৎসাহিত হবে। আমাদের পরে আরও নতুনেরা আসবে।’ মিমের কথার সঙ্গে এবার যোগ দিলেন সারিকা।‘খুবই অল্প দিন হলো নাটকে কাজ শুরু করেছি। দিন দিন ব্যস্ততা বাড়ছে। হঠাৎই একদিন সিনেমায় অভিনয়ের অফার এল। সোহানুর রহমান সোহান ভাই বললেন, সিনেমায় কাজ করো। আমি বললাম বাসা থেকে অনুমতি পাই না যে! সোহান ভাই বললেন, কেন? মিম করছে না! এই যে মিমের নামটি উঠে এসেছে, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। কাল যে মেয়েটি নতুন আসবে, তার কাছেও কিন্তু একই উদাহরণ দেওয়া হবে। এর কারণ হচ্ছে যে আমাদের কাজটা মানুষ পছন্দ করছে। এই পছন্দের ব্যাপারটাকে আমরা দীর্ঘস্থায়ী করতে চাই।’মিম তো সিনেমায় অভিনয় করেছেন। তো আপনি সেখানে পিছিয়ে কেন?‘করব না, এটা বলছি না। আমি তো সবে কাজ শুরু করলাম। আরও কিছুদিন নাটকে কাজ করি, হয়তো হঠাৎ করেই ব্যাটে-বলে মিলে যাবে, আব্বু-আম্মুও মত দেবেন, তখন করব। সিনেমা অনেক বড় একটি মাধ্যম। এখানে কাজ করারও স্বপ্ন থাকে। কিন্তু আমি চাই, সবকিছু মিলিয়ে একটা ইতিবাচক পরিবেশ। যেখানে কাজ করব এবং সেই কাজটাকে উপভোগ করব।’ বলছিলেন সারিকা।প্রশ্ন করি, অনেকেই বলেন, তরুণেরা আপনাদের কাজ পছন্দ করে। আপনাদের কী মনে হয়, ঠিক কী কারণে পছন্দ করে?মিম ও সারিকা দুজন-দুজনের দিকে তাকান। ‘আসলে নতুনদের প্রতি সবারই একধরনের ভালোবাসা ও আগ্রহ থাকে। তো আমরা যাঁরা এখন নতুন, সবার প্রতিই তরুণদের পছন্দ করার বিষয়টা একটা স্বাভাবিক ব্যাপার। আর কাজের কথা যদি বলেন, তাহলে বলব যে আমরা চেষ্টা করি। হয়তো এর মধ্যেই কোনো কোনো কাজ ভালো হয়ে যায়। সেই কাজ দেখে আবার অন্য নির্মাতারা নেন।’ বললেন সারিকা।‘আমি আমার নিজের কথার উদাহরণ দিতে পারি, দু-তিনটা নাটকে কাজ করেছি মাত্র। আর আমার আছে জল ছবিতে অভিনয় করলাম। এর মধ্যেই প্রযোজক তাপসী ঠাকুর আমাকে সিনেমায় অভিনয় করতে বললেন। আমি জানতে চাইলাম যে বাণিজ্যিক ছবিতে কি আমি পারব? তিনি বললেন, তরুণ ছেলেমেয়েরা তোমাকে খুবই পছন্দ করে। আর গল্পটাও সেভাবে তৈরি করা হচ্ছে। প্রযোজকের এ কথা শুনে সত্যিই নিজের কাছে অনেক ভালো লেগেছিল।’ মিম বললেন।সারিকা বললেন, ‘দোস্ত আর একটু বল যে আমরা দুজনই দেখতেও ভালো।’ (দুজনই হেসে উঠলেন)।দুজনের কাছে জানতে চাইলাম, কে বেশি সুন্দরী?সারিকা অবলীলায় বললেন, ‘অবশ্যই মিম। ছেলে হলে তো আমি ওর প্রেমে পড়ে যেতাম। এত সুন্দর! দোস্ত, নিশ্চয়ই কতজনের মনে দোলা দিচ্ছিস।’মিম অবশ্য বললেন, ‘আমরা দুজনই দুই রকম সুন্দর। তোর সৌন্দর্যতেও একধরনের মায়া আছে। প্রথম থেকেই আমি এই মায়ার বাঁধনে আটকা পড়েছি।’প্রশ্ন করা হয়েছিল, কে বেশি জনপ্রিয়?এবারও সারিকা বললেন, ‘মিম যেহেতু একই সঙ্গে চলচ্চিত্র, নাটক ও মডেলিং—তিন মাধ্যমে কাজ করেছে, তাই এককথায় বলা যায়, মিম বেশি জনপ্রিয়।’মিমের মতে, ‘সারিকাও ভীষণ জনপ্রিয়। বিভিন্ন স্থানে গেলেই আমি শুনতে পাই সারিকার কথা। আর ওর বিজ্ঞাপন তো খুবই হিট করেছে।’দুজনের কাছে এবার প্রশ্ন ছিল, কার কোন কাজ ভালো লেগেছে?মিম বললেন, ‘পাত্র চাই না নাটকে সারিকা খুবই ভালো কাজ করেছে।’সারিকা বললেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে মিমের পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছিল, যা সুন্দর লাগছিল ওকে!’দুজন যখন দুজনের প্রশংসায় মগ্ন, তখন জানতে চাইলাম, দুজনকে একসঙ্গে কাজে দেখা যায় না কেন?মিম জানালেন, তাঁরা দুজন মিলে মোহন খানের পাত্র চাই না নামের একটি নাটকে কাজ করেছিলেন। এরপর আর কাজ করা হয়নি। কারণ, সারিকা নাটকে অভিনয় শুরুই করেছেন কিছুদিন হলো।অন্যদিকে সারিকা বললেন, ‘আমার ইচ্ছা হচ্ছে, দুজন মিলে এমন কিছু নাটকে কাজ করব, যার চরিত্র হবে আমাদের বাস্তবজীবনের মতো। বাস্তবে আমরা যে রকম বন্ধু, ঠিক সে রকমভাবে নাটকেও কাজ করতে চাই।’দুজনকে দুজনার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে বলা হলো।এবারে কিন্তু সারিকা বলেই ফেললেন, ‘আমার বন্ধুর কোনো নেতিবাচক দিক নেই। আমি দেখি যে মিম খুবই ইতিবাচক একটি মেয়ে। সব সময় হাসিখুশি থাকে এবং সহযোগিতাপরায়ণ।’মিম অবশ্য সারিকা সম্পর্কে বললেন, ‘সারিকার একটা দিক খেয়াল করেছি যে ও যদি একবার কাউকে অপছন্দ করে বা কেউ যদি একবার ওকে খেপিয়ে দেয়, তবে ও ঠিকই এর প্রতিদান দিতে পারে। কিন্তু এমনিতে খুব শান্ত একটা মানুষ।’একটা সময় মধ্যাহ্নভোজের ডাক এল। সারিকা বললেন, ‘ক্ষুধা লেগেছে। চল দোস্ত, আগে কিছু খাই, তারপর না হয় আবার খুনসুটি হবে আমাদের মধ্যে।’মিম বললেন, ‘বেশি খুনসুটি করিস না, তাহলে ভালোবাসার মানুষটির সঙ্গেও কিন্তু পরে খালি খুনসুটি লেগেই থাকবে।’ সারিকা ভেংচি কেটে বললেন, ‘মোটেও না। দেখিস, এর উল্টোটি হবে।’ দুজনই চলে গেলেন মধ্যাহ্নভোজ করতে। খাবারের টেবিলেই সারিকা এবার মিমের কাছে জানতে চাইলেন, ঈদে তাঁর কটা কাজ যাচ্ছে।মিম জানালেন, সাত থেকে আটটি নাটক করা হয়েছে। সারিকা জানালেন, তিনি নয়টি কাজ করেছেন। দুজনই দুজনকে বললেন, তাঁরা একে অপরের কাজ দেখবেন এবং নিখুঁত সমালোচনা করবেন।সেই সমালোচনাগুলো কেমন হবে?দুজনই বললেন, ‘তা জনসম্মুখে বলা যাবে না। তবে আমরা দুজন তা অবশ্য আলোচনা করব এবং আশা করি, নিজেরা নিজেদের শুধরে নিতে পারব।’