এই যে আমি!
একে একে সাতবারে পড়ল লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে এসেছেন সাতজন সুপারস্টার। তাঁরা সবাই এখন তারকা। বিজয়ীর শীর্ষ মুকুট পরার পর তারকাখ্যাতি নিয়েই পা রেখেছিলেন বিনোদনের আলো-ঝলমলে ভুবনে। দিন বদলের পালায় কেমন আছেন আগের শীর্ষ বিজয়ী ছয়জন, কেমনই বা কাটছে তাঁদের দিনকাল? এ নিয়েই এবারের প্রচ্ছদ রচনা।২০১২ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার সামিয়া সাঈদের সেই হাসিমুখটি মনে করুন। হাসির সঙ্গে ছিল তীব্র বিস্ময়! আর বিস্ময়ের ফোকর গলে খানিকটা অবিশ্বাসও কি ছিল না সেখানে? ছিল সবই। এক টুকরা হাসির ভেতর বিস্ময়, অবিশ্বাস ও মুগ্ধতা—সবকিছু নিয়ে দাঁড়িয়ে ছিলেন সামিয়া। আগের বছরগুলোয় ঠিক একইভাবে দাঁড়িয়ে ছিলেন তাঁর পূর্বসূরিরাও—রাখি, মেহজাবিন, চৈতী, মীম, মম ও শানু। লাক্স-চ্যানেল আই সুপারস্টারের এই তারকাদের সবাই এখন নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপনে মহা ব্যস্ত। দিন-রাত শুটিংয়ের আলো-ঝলমলে ভুবনের মধ্যে তাঁদের জীবন আর আগের মতো নেই। পরিবর্তিত হয়েছে ছন্দ, ব্যক্তিজীবনেও ঘটেছে নানা বদল। কেমন কাটছে তাঁদের দিন-রাত?২০০৫ সালে প্রতিযোগিতাটি শুরুর বছরে বিজয়ীর শীর্ষ মুকুটটি পেয়েছিলেন মারমা মেয়ে শানারেই দেবী। শানু নামেই তিনি পরিচিত। তখন তিনি সিলেট এমসি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, পড়তেন ইংরেজি সাহিত্যে। তবে সময় গড়িয়ে এর মধ্যে শেষ হয়েছে স্নাতকোত্তর। মাঝখানে কিছুদিন ডিজায়ার নামের একটি ফ্যাশন ম্যাগাজিন সম্পাদনা করেছেন। বিয়ে করেছেন ২০০৯ সালে। স্বামী জেভিয়ার শান্তনু বিশ্বাস। শানু এখন জেনাস ঋত নামের ১৯ মাস বয়সী এক ছেলের মা। তিনি বললেন, ‘ঋত ছোট থাকার কারণে মাঝে বেশ কিছুদিন মিডিয়া থেকে দূরে ছিলাম। এখনো যে হরদম কাজ করছি, তা নয়। অভিনয়ের চেয়ে সন্তান আমার কাছে অনেক বড়। যখন বাসায় থাকি, সারাক্ষণ ওর সঙ্গে খেলি। আর পড়ি মুহম্মদ জাফর ইকবাল ও সুনীল গঙ্গোপাধ্যায়ের বই। কখনো আবার মোহাম্মদ রফি বা লতা মুঙ্গেশকরের গান শুনে কেটে যায় সময়।’শানুর মতো দ্বিতীয়বারের লাক্স-চ্যানেল আই বিজয়ী জাকিয়া বারী মমও এখন এক সন্তানের মা। তাঁর ছেলের নাম উদ্ভাস। ২০১০ সালে নাট্যনির্মাতা এজাজ মুন্নার সঙ্গে নতুন জীবন শুরু হয় তাঁর। ‘যখন সুপারস্টার হই, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে প্রথম বর্ষে পড়তাম। আর এখন স্নাতকোত্তর পেরিয়ে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছি।’ এভাবেই জানালেন, ‘বিয়ের পর স্বামী, সন্তান ও ননদ নিয়েই আমার সংসার। এখন দায়-দায়িত্ব অনেক বেড়েছে। নিজের ঘর বলে কথা,’ মমর কথাটি যেন পাক্কা গৃহিণীর মতো।আগে থাকতেন এলিফ্যান্ট রোডে, বাবার বাড়িতে। বিয়ের পর স্বামীর সঙ্গে ঘর সাজিয়েছেন ধানমন্ডিতে। তিনি বললেন, ‘বরাবরই আমি বেছে কাজ করার চেষ্টা করি। অবসর খুব একটা মেলে না। তার পরও কিছুটা সময় পেলেই বইয়ের জগতে বুঁদ হয়ে থাকি।’ তাঁর প্রিয় লেখক সেলিম আল দীন, মহাশ্বেতা দেবী ও সুনীল গঙ্গোপাধ্যায়। ‘যখন এই লেখকদের লেখা পড়ি, মনে হয়, আহা! গল্পের ওই চরিত্রটি যদি করতে পারতাম!’ খানিকটা আফসোসের চিহ্ন মমর কণ্ঠে।মমর মতো একই আফসোসের সুর বিদ্যা সিনহা মীমের। তৃতীয়বারের সুপারস্টার। তিনি বললেন, ‘সাহিত্যনির্ভর নান্দনিক চরিত্রে অভিনয় করতে চাই।’ অভিনয়ের বাইরে লেখালেখির ঝোঁকও আছে তাঁর। এর মধ্যে শ্রাবণের বৃষ্টিতে ভেজা শিরোনামে একটি গল্পের বইও বেরিয়েছে।ছোটবেলায় চিকিৎসক হওয়ার স্বপ্ন থাকলেও মীম এখন সাউথইস্ট ইউনিভার্সিটিতে বাংলায় পড়ছেন। মাঝে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হলেও যাতায়াত ও অন্যান্য সমস্যার কারণে আর পড়া হয়নি সেখানে। ‘এটা এমন একটা মঞ্চ, যেখানে দুই মাসেই সুপারস্টার হওয়া সম্ভব,’ লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতা সম্পর্কে মিমের মন্তব্য এমনই। এর সঙ্গে যোগ করলেন আরও কিছু কথা, ‘যখন বিজয়ী হয়েছিলাম, তখন কুমিল্লায় থাকতাম। মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। এরপর তো অনেক কিছুর বদল ঘটল—কুমিল্লা থেকে ঢাকার বাসিন্দা হলাম। কিন্তু আমার বই পড়া, গান শোনা—এসবের কি বদল ঘটেছে? না। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ অথবা নৌকাডুবি পড়লে এখনো জল আসে চোখে।’অন্যদিকে, গাজীপুরের মেয়ে চৈতীর ছিল গানবাজনার শখ। গাইতেন নজরুলসংগীত। তারকা হওয়ার পর একসময়ের গায়িকা চৈতীর দিনকালও বদলে গেছে। তবে গাজীপুরের পৈতৃক নিবাস ছেড়ে অন্যদের মতো স্থায়ীভাবে ঢাকাবাসী হননি তিনি। তিনি বললেন, ‘আমাদের এলাকাটা খুব সুন্দর। ছুটিছাঁটায় ইচ্ছা হলেই যাওয়া যায় ভাওয়ালের রাজবাড়ি অথবা শালবন। আর এখানকার মতো বিশুদ্ধ বাতাস কোথায় পাওয়া যাবে!’ চৈতীর কণ্ঠে গাজীপুরের গুণকীর্তন।শান্ত-মারিয়ম ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনপড়ুয়া চৈতী এর মধ্যে একটি মিক্সড অ্যালবামের দুটি গানে কণ্ঠ দিয়েছেন। তিনি বললেন, ‘অভিনয়ের পাশাপাশি গানের চর্চাটা নিয়মিত করতে চাই। আর ভবিষ্যতে একটি ফ্যাশন হাউস দেওয়ার ইচ্ছা আছে।’লং জাম্প ও বাস্কেটবল খেলায় দারুণ পটু ছিলেন ২০০৯ সালের সুপারস্টার মেহজাবিন। তারকা হওয়ার পর প্রথম অভিনয় করেন সে থাকে সিন্ধু পারে নাটকে। তখন তিনি ও লেভেলপড়ুয়া। দিনবদলের পালায় এখন ও লেভেল শেষ করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইংরেজি অথবা ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়ার ইচ্ছা তাঁর। ‘আমার জীবন আসলে খুব বেশি বদলায়নি। অবসরটা হাওয়া হয়ে গেছে, এই যা! হা হা হা...’ নিজের বর্তমান সময়কে এভাবেই তুলে ধরলেন মেহজাবিন। জানা গেল, অবসরে হাবিব ও হূদয় খানের গান হলে তাঁর আর কিছুই লাগে না।ওদিকে এক টুকরো অবসর মিললে বইপত্র নয়, নানা ধরনের প্রবন্ধ ও ফিচার পড়তে ভালোবাসেন ২০১০ সালের শীর্ষ তারকা রাখি। এখন ব্রিটিশ কাউন্সিলে এ লেভেল পড়ছেন তিনি। ‘অনেকটা খেয়ালের বশে প্রতিযোগিতায় ছবি পাঠিয়েছিলাম। তখন ও লেভেলে পড়তাম,’ ছোট্ট করে বললেন রাখি। বিজ্ঞাপনের ক্ষেত্রে নোবেল ও মৌ তাঁর আদর্শ। ইংরেজি গান, বিশেষ করে লেডি গাগার গানের দারুণ ভক্ত। বললেন, ‘বিজ্ঞাপন ও অভিনয়ের মধ্য দিয়ে কী করে কী করে যেন দিন কেটে যায়।’‘চলে যাচ্ছে দিন, ঠিক পাঁচটা তিন...’—চন্দ্রবিন্দুর এই গানটির মতো এই তারকাদের দিন-রাতগুলো এখন ব্যস্ত। তবে সেই দিনের খেরো খাতাতেও অনেক বদলের দাগ। আর বদলটুকু আত্মস্থ করতে করতেই তাঁরা হয়তো কখনো বলে ফেলছেন ‘এই যে আমি!’