এই রাজ্যের সব মানুষই ছবি আঁকে?

বহু চিত্রকর, ভাস্কর যোগ দিয়েছেন খাজুরাহো নৃত্য উৎসবে। প্রদর্শন করছেন নিজেদের ছবি ও ভাস্কর্য। এ ছাড়া মেলায় মিলছে পৌরাণিক কাহিনির চরিত্রগুলোর ধাতব ভাস্কর্য।
আর্ট মার্টে ঠাঁই মিলেছে পৃথিবীর প্রায় ২০টি দেশের শিল্পীদের চিত্র ও শিল্পকর্ম। সাড়ে পাঁচ শর বেশি ছবি রয়েছে সেখানে। সেসব দেখে শেষ করা বেশ সময়সাপেক্ষ। প্রদর্শনীকেন্দ্রের বাইরে চলছে মেলা, সেখানেও রয়েছে ছবি বিক্রির বহু স্টল। এমনকি উৎসবস্থলের বাইরে পথে–প্রান্তরেও পাওয়া যাচ্ছে নানা মাধ্যমে আঁকা ছবি। মনে হওয়া স্বাভাবিক, মধ্যপ্রদেশ রাজ্যের সব মানুষই কি ছবি আঁকে? এখানকার মানুষের নিত্যব্যবহার্য যাবতীয় পণ্য বা কাপড় এমন কিছু নেই, যেখানে পাওয়া যাবে না একটু চিত্রকর্ম ও শিল্পের ছোঁয়া।
গতকাল শনিবার সন্ধ্যায় খাজুরাহো নৃত্য উৎসবের মূল মঞ্চে ছিল ভুবনেশ্বরের শিল্পী সৌম্য বোসের ওডিশি নৃত্য, নয়াদিল্লির নীলাকাশি রায়ের কত্থক, ইমফালের মানাসি থিয়াম ও এন আমুসানা দেবীর মণিপুরি এবং ইন্দোরের সুচিত্রা হালমারকারের দলীয় কত্থক।
বিকেলে বাংলাদেশ প্যাভিলিয়নে ছিল অমিত চৌধুরীর নির্দেশনায় রবীন্দ্র নৃত্যনাট্য আয় আমাদের অঙ্গনে। রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু গান নিয়ে এই নৃত্যনাট্য বেশ কয়বার পরিবেশিত হয়েছে ঢাকায়। অমিত জানান, উৎসবের শেষ দিনে ভরতনাট্যম পরিবেশন করবে তাঁর সংগঠন কল্পতরু। এ নিয়ে ভীষণ রোমাঞ্চিত তিনি ও তাঁর দলের শিল্পীরা। আত্মবিশ্বাসের সঙ্গে অনেকবার মহড়ায় অংশ নিয়েছেন তাঁরা। প্রত্যাশা, এখানকার দর্শকদের নিরাশ করবেন না তাঁরা।
গত শুক্রবার সন্ধ্যায় মূল মঞ্চে ভরতনাট্যম পরিবেশন করেন বেঙ্গালুরুর শিল্পী রুক্মিণী বিজয়কুমার। তাঁর অসাধারণ পরিবেশনা দম বন্ধ করে উপভোগ করেন উৎসবে যোগ দেওয়া নৃত্যপ্রেমীরা।