এই সময়ে রুহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গিয়াস উদ্দিন সেলিম একদিন আমাকে মঞ্জু সরকারের অবগুণ্ঠন উপন্যাসটি পড়ার জন্য বললেন। বেশ কয়েক দিন সময় নিয়ে উপন্যাসটি পড়ার কাজ শেষ করি। পরে জানতে পারি, আমাকে গুলবাহার চরিত্রটির জন্য নির্বাচন করা হয়েছে। শুরুতে সিদ্ধান্ত নিতে পারছিলাম না। একে তো গ্রাম্য মহিলা, তাও আবার দুই সন্তানের মা। পরিচালক আমাকে চরিত্রটির গুরুত্ব বোঝান। এ নাটকে কাজ করতে গিয়ে গুলবাহারকে নিজের মধ্যে ধারণ করতে চেষ্টা করেছি। এরই মধ্যে নাটকটির বেশ কয়েকটি পর্ব প্রচারিত হয়েছে। এখন ভাবছি গুলবাহার চরিত্রে অভিয়ের সিদ্ধান্তটি ভুল ছিল না।’ বললেন রুহি। অবগুণ্ঠন নাটকের মাধ্যমে আলোচনায় এলেও রুহি অভিনীত প্রথম টিভি নাটকের নাম অপরিচিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিয়ে নির্মিত নাটকটি পরিচালনা করেন আহম্মেদ সুস্ময়। অপরিচিতা নাটকে কল্যাণী চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর একই পরিচালকের আরও দুটি নাটকে অভিনয় করেন। নাটক দুটি হচ্ছে স্বপ্নমুখ ও ভালোবাসা এবং কাল্পনিক কিছু দৃশ্য। তবে টিভির পর্দায় প্রথম প্রচারিত হয় শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় বৃত্তের বাইরে নাটকটি। রুহি বলেন, ‘টিভি নাটকে কাজ করার ব্যাপারে আমার সে রকম কোনো আগ্রহ ছিল না। প্রযোজনা প্রতিষ্ঠান পথিকের কর্ণধার তুহিন বড়ুয়া আমাকে নাটকে অভিনয়ের ব্যাপারে উৎসাহ দেন। এভাবেই নাটকের দিকে মনোযোগী হই।’ সংখ্যার দিক থেকে খুব বেশি নাটকে অভিনয় করা হয়নি রুহির। অন্য দুটি নাটক হচ্ছে রিপন নবীর অচেনা মানুষ ও আবু সাইয়ীদের জন্ম।টিভি নাটকে এখন ব্যস্ত সময় পার করলেও রুহির মিডিয়ায় আগমন ঘটে স্থির চিত্রের বিজ্ঞাপনের মডেল হিসেবে। ২০০৬ সালের ঘটনা। ফারুক হেলাল নামের একজন ফটোসাংবাদিকের সঙ্গে পরিচয় হয়। উনি রুহির বেশ কটি ছবি তুলে দেন। তাঁর মাধ্যমেই বাংলার মেলার এমদাদ হকের সঙ্গে পরিচয়। এমদাদ হকের মাধ্যমে পরিচয় হয় কোরিওগ্রাফার কৌশিকী নাসের তুপার সঙ্গে। সে সময়ই ঈদ-পরবর্তী একটি ফ্যাশন শোতে কাজ করেন রুহি। এভাবেই র‌্যাম্পে যাত্রা শুরু হয় তাঁর।রুহি বলেন, ‘আমার স্বপ্ন ছিল নিজেকে ডিজাইনার হিসেবে সবার কাছে পরিচিত করার। ইচ্ছে আছে নিজের ডিজাইন করা পোশাক পরে র‌্যাম্পে হাঁটারও। আশা করছি এ বছরই সেটি করতে পারব।’র‌্যাম্পে হাঁটার পাশাপাশি বেশ কটি বিজ্ঞাপনের কাজ করেছেন রুহি। ‘আমার করা প্রথম বিজ্ঞাপনটি ছিল অমিতাভ রেজার নির্দেশনায় প্যারাসুট নারিকেল তেলের। এরপর একে একে কাজ করেছি ডায়মন্ড ওয়ার্ল্ড, এলিট পেইন্ট, নোভা টেলিভিশন এবং গ্রামীণফোনের এক্সপ্লোরে। অনেক কাজ না করলেও যতটুকু করি, তার মান যেন ভালো হয়, সেটি খেয়াল রাখি। মানসম্পন্ন কাজ করতে চাই।’তিন ভাই তিন বোনের মধ্যে রুহি সবার বড়। এদের মধ্যে ছোট বোন জয়া ও ভাই বিজয় সবচেয়ে ভালো বন্ধু। শুধু তাই এদের দুজনকে নিজের সন্তানের মতোই দেখাশোনা করেন রুহি। ‘তবে কাজের ক্ষেত্রে মা আমার বড় সমালোচক। কোনো নাটক প্রচারের পর তিনি ভালো লাগা ও মন্দ লাগার ব্যাপারটা জানান।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ূন আহমেদের বই পড়তে ভালোবাসি। এ ছাড়া নজরুল সংগীত আমাকে অনেক বেশি টানে।’ এরই মধ্যে দেশে ও দেশের বাইরের কয়েকজন চলচ্চিত্র নির্মাতা রুহিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। রুহিও নিজেকে সেভাবে বড় পর্দার জন্য তৈরি করছেন।