এই সময়ে সালমান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ান্টেড, দাবাং, রেডি, বডিগার্ড। এরপর লম্বা বিরতি। সালমান খান ফিরছেন আসছে ঈদে। গত ঈদে বডিগার্ড, এবারের ঈদে এক থা টাইগার। যশ রাজ ফিল্মসের সঙ্গে এবারই প্রথম কাজ করলেন সালমান। এই ছবির ট্রেলার মুক্তির পর মাত্র এক ঘণ্টায় ১১ লাখ হিট পড়েছে! সার্ভার জ্যাম হয়ে গিয়েছিল ২৮ জুন বেলা তিনটায়। ধারণা করা হচ্ছে, এই ছবির আয় শুধু ১০০ কোটিই নয়, ২০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। আর যদি তা-ই হয়, তবে সালমান খান এগিয়ে যাবেন আরও কয়েক ধাপ। সালমানের নিন্দুকেরাও বলছেন, সালমান সেই সোনালি সময়কে ফিরিয়ে এনেছেন, যখন একটি ছবি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই ছবিপাড়ায় ‘হিট’ আখ্যায়িত হতো। দিলীপ কুমার, দেব আনন্দ, রাজেশ খান্না, অমিতাভ বচ্চনের ছবির মহরতের দিনই সবাই নিশ্চিত হয়ে যেতেন ছবিটি ব্যবসাসফল হবে। সালমান খানের ছবির ক্ষেত্রেও তা-ই হচ্ছে। রহস্যটা কী? সালমান বলেন, ‘রহস্য একটাই। প্রতিটি ছবিতেই আমি দর্শকদের মনোরঞ্জনের জন্য সুপার হিরো ভাবমূর্তি নিয়ে হাজির হচ্ছি। দর্শকেরাও তা-ই লুফে নিচ্ছে। সিনেমা থিয়েটারে গেলে দেখি, বয়স্ক দর্শক থেকে বাচ্চা ছেলে পর্যন্ত সংলাপ শুনে তালি দেয়, গান শুনে নাচে—এটাই তো আমার টার্গেট। এখন থেকে আমি সেসব ছবিই করব, যেসব ছবি আমি নিজে প্রথম দিন প্রথম শো দেখতে চাইব।’ এক থা টাইগার-এ কাজ করতে গিয়ে তো সালমান ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল, অপারেশন—কত কিছুই না হলো! এ প্রসঙ্গে সালমান প্রথমবারের মতো মুখ খোলেন, ‘অসুখটা আমার নতুন নয়।পার্টনার ছবির শুটিং করার সময় থেকেই আমার এই রোগের শুরু। ট্রিগ্যামিনাল নিউরালজিয়ার অপারেশন করতে এবার গিয়েছিলাম আমেরিকায়। মুখাবয়বের এক ধরনের রোগ এই ট্রিগ্যামিনাল নিউরালজিয়া। কপাল, গাল, চিবুকে প্রতিনিয়ত ব্যথা হতো। আমার মনে হয় না, একজন মানুষ এর চেয়ে বেশি ব্যথা অনুভব করতে পারেন। অথচ আমি এটা সাত বছর ধরে বয়ে বেড়িয়েছি। এমন অনুভব হতো যেন কেউ প্রতিনিয়ত আমাকে ঘুষি দিচ্ছে। অভিনয় তো দূরে থাক, কথা বলা কিংবা হাঁটাচলা, খাওয়া—কিছুই করতে পারতাম না। দেড় ঘণ্টায় একটি অমলেট শেষ করতাম। এমনও সময় গেছে, ৭৫০০ এমজি ব্যথার ওষুধ খেয়েছি। তাও ব্যথা কমত না। এবার যখন আমেরিকায় গেলাম, চিকিৎসকেরা বিশ্বাস করতে পারেননি আমি সাত বছর ধরে এই ব্যথা সহ্য করেছি। তাঁরা বলেন, এ ধরনের বেশির ভাগ রোগীই নাকি ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। চিকিৎসকদের প্রশ্ন, তুমি এখনো বেঁচে আছো? চিকিৎসার মাধ্যমে আমি সেরে উঠছিলাম। কিন্তু এখন আবার আমার ভেতর নতুন সমস্যা ভর করেছে। আমার মস্তিষ্কে বড় ধরনের এক রোগ দানা বেঁধেছে। যেকোনো দিন হয়তো কোমায়ও চলে যেতে পারি!’ সে কী! এসব কী বলছেন সালমান খান? সত্যি না কৌতুক? ‘প্রার্থনা করি, এটা কৌতুকই হোক। সৃষ্টিকর্তা আমার সঙ্গে মজা করছেন, এটাই ভাবতে চাই।’ এতটা অসুস্থ শরীর নিয়ে এক থা টাইগার-এর অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন সালমান। কোনো রকম স্টান্টের সাহায্য না নিয়ে নিজেই নিজের অ্যাকশন দৃশ্যে কাজ করেছেন। কিন্তু কেন? ‘এটাই তো চ্যালেঞ্জ। চিকিৎসকদের ধোঁকা দিতে বেজায় আরাম। দর্শকদের ধোঁকা দিয়ে লাভ নেই।’ সালমান এতটা অসুস্থ। তাঁর বাড়ির সবাই নিশ্চয়ই অনেক চিন্তা করেছে? মৃদু হেসে সালমান বলেন, ‘আমি বাড়িতে কখনো কাউকে আমার এই অসুখের কথা বুঝতেই দিইনি। তবে এবার আমেরিকায় আমার সঙ্গে দুই ভাই আরবাজ-সোহেল এবং বোন আলভিরা গিয়েছিল। দুই ঘণ্টার কথা বলে অপারেশন থিয়েটারে ঢুকেছিলাম। আট ঘণ্টা পর বের হয়েছি। ভাইয়েরা আমার মহা বিরক্ত হয়েছিল। হা হা হা।’সালমানের বাবা সেলিম খান তো অনেক সুপারস্টারকে জন্ম দিয়েছেন। সালমান কি বাবার সাহায্য ছাড়াই সুপারস্টারের তকমা গায়ে জড়িয়েছেন? সালমান বলেন, তথ্যটি ভুল। সেলিম খান না থাকলে এই সালমান খানেরই জন্ম হতো না। সুপারস্টার তকমা তো অনেক দূরের কথা। আমার বাবা-মা, আমার পরিবার আমাকে মূল্যবোধ শিখিয়েছে, মানুষ হতে শিখিয়েছে। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। তাঁদের ভালোবাসা না থাকলে, আমার সুখে-দুঃখে তাঁদের হাতটি না পেলে আমি এই সালমান খান হয়ে উঠতে পারতাম না।’ রুম্মান রশীদ খানফিল্মফেয়ার ডট কম অবলম্বনে