এইচবিওর জন্য বিওন্সির আত্মজৈবনিক প্রামাণ্যচিত্র
মার্কিন গায়িকা, গীতিকার, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী বিওন্সি নোলস এবারে পরিচিতি পেতে যাচ্ছেন প্রামাণ্যচিত্র নির্মাতা হিসেবে। নিজের ব্যক্তি ও পেশা জীবনের জানা-অজানা নানা তথ্য নিয়ে প্রামাণ্যচিত্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন ৩১ বছর বয়সী এ তারকা। প্রামাণ্যচিত্রটি তিনি তৈরি করছেন এইচবিও টিভি চ্যানেলের জন্য। ২৬ নভেম্বর সোমবার এইচবিও চ্যানেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ প্রসঙ্গে এইচবিও’র অনুষ্ঠান বিভাগের চেয়ারম্যান মাইকেল লোমবার্ডোর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্র্যামি পুরস্কার জয়ী অসাধারণ এ শিল্পীর সংগীত জীবন সম্পর্কে সবাই কমবেশি অবগত আছেন। কিন্তু তাঁর ব্যক্তি জীবনের খুঁটিনাটি সম্পর্কে খুব কম মানুষই জানেন। বিওন্সির প্রাণোচ্ছল এবং বর্ণিল জীবনের আড়ালে লুকিয়ে থাকা অরক্ষিত এক জীবনের চিত্র ফুটে উঠবে নাম চূড়ান্ত না হওয়া এ প্রামাণ্যচিত্রে।প্রামাণ্যচিত্রটি থেকে জানা যাবে ‘ক্রেজি ইন লাভ’খ্যাত এ তারকার পারিবারিক জীবনের অজানা নানা মুহূর্তের গল্প। বিওন্সির ল্যাপটপে তোলা ব্যক্তিগত বেশ কয়েকটি ছবি ঠাঁই পাবে এ প্রামাণ্যচিত্রে। এ ছাড়া তাঁর মঞ্চ পরিবেশনার মনোমুগ্ধকর অনেক ছবিও অন্তর্ভুক্ত করা হবে। প্রামাণ্যচিত্রটিতে আরও দেখা যাবে স্টুডিওতে রেকর্ডিঙে মগ্ন বিওন্সিকে। দেখা যাবে মঞ্চ পরিবেশনার জন্য তাঁর প্রস্তুতি নেওয়ার দৃশ্য। বিওন্সির নিজস্ব টিভি চ্যানেল এবং অডিও প্রযোজনা সংস্থার গল্পও বলা হবে এ প্রামাণ্যচিত্রে।