এইডস দিবসের শীর্ষ সংগীতে সুর ও কণ্ঠ দিলেন ফাহমিদা
‘এসো মিলি স্বপ্নের দেশে/হাত রাখি বন্ধুর হাতে/জীবনকে ভালোবেসে/জানাব, জানাব হেসে’—বিশ্ব এইডস দিবসের এই শিরোনাম সংগীতের সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। গানটি লিখেছেন তরিকুল ইসলাম। বিশ্ব এইডস দিবস উপলক্ষে এ বছর জাতিসংঘের ভাবনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে গানটি। কাল ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবসের শোভাযাত্রায় গানটি ব্যবহার করা হবে। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলেও প্রচার করা হবে গানটি।ফাহমিদা নবী জানান, ২৫ নভেম্বর গানটির ধারণকাজ শেষ হয়েছে। এরপর ২৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গানটির মিউজিক ভিডিওর শুটিং করা হয়। জাতিসংঘের একটি প্রকল্পের আওতায় তৈরি হয়েছে গানটি। তিনি বলেন, ‘এইডসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে প্রতিবছরই সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। এ বছরও জাতিসংঘের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিবসটিকে পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে গানটি তৈরি হয়েছে। এটা আমার জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা।’