এইডস সচেতনতায় দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেন্দ্র অঞ্চলের জনপ্রিয় লোকসংগীত গম্ভীরা দিয়ে শুরু হয়েছিল লোক উৎসবের আনুষ্ঠানিকতা। রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে গতকাল রোববার সকালে এই লোক উৎসব আয়োজন করা হয়েছিল এইচআইভি/এইডস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে। আয়োজন করেছিল বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। উৎসবে দেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্পীরা গান ও অভিনয়ে সহজ এবং সাবলীলভাবে এইচআইভির সংক্রমণ, এর প্রতিরোধমূলক ব্যবস্থা—এসব তুলে ধরেন। ‘বাঁচতে হলে জানতে হবে’ স্লোগান নিয়ে ২০০৪ সাল থেকে এইচআইভি সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে মাত্রা। এইডসের ঝুঁকিপূর্ণ ২০টি জেলার ২০টি সংগঠন তরুণ-তরুণী, নারীসহ বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে দিনব্যাপী এই আয়োজন করা হয়। উৎসবে সেভ দ্য চিলড্রেনের জ্যেষ্ঠ ব্যবস্থা শেখ মাসুদুল ইসলাম ‘বাঁচতে হলে জানতে হবে’ প্রচারণার প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যজন মামুনুর রশীদ, এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীমসহ তারকাশিল্পীরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাত্রার অনুষ্ঠান পরিচালক সানাউল আরেফীন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আব্দুন নূর তুষার।