এক অনিন্দ্যসুন্দর সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্য নন্দনের অনুষ্ঠানে ভারতের নন্দিত নৃত্যগুরু অধ্যাপক সি ভি চন্দ্রশেখর
নৃত্য নন্দনের অনুষ্ঠানে ভারতের নন্দিত নৃত্যগুরু অধ্যাপক সি ভি চন্দ্রশেখর

দেশের প্রথিতযশা নৃত্যদল নৃত্য নন্দনের সৌজন্যে আমরা হলভর্তি দর্শক অভিভূত হয়েছি, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারতের নন্দিত নৃত্যগুরু অধ্যাপক সি ভি চন্দ্রশেখরের প্রায় এক ঘণ্টা ব্যাপ্তিকালের নৃত্য পরিবেশনা দেখে। নিরঞ্জন আনন্দের একটি অভাবিত সন্ধ্যা আমাদের উপহার দিয়েছেন নৃত্যগুরু চন্দ্রশেখর। বহুদিন এমন নির্মল আনন্দের স্বাদ পাইনি। ৮১ বছরের এই নৃত্যগুরুর দেহ আর চোখের ভাষা ছিল আমাদের অনেকের জন্য অনাঘ্রাত পূজার ফুলের মতো। ভরতনাট্যম নৃত্যকে তিনি নিয়ে গেছেন প্রশান্ত মহাসাগরের স্থিত বিস্তারে, আটলান্টিক মহাসাগরের গভীরতায় এবং হিমালয়ের উচ্চতায়; তিনি আমাদের সামনে প্রতিভাত হয়েছেন ২৫ বছরের এক যুবক নৃত্যশিল্পীর মতো। তাঁর মেদহীন দেহ, প্রশান্ত দিঘল চোখের মোহনীয় দৃষ্টি নৃত্যের মতো বিমূর্ত শিল্পমাধ্যমের কোনো ভাষাকেই অব্যক্ত রাখেনি। ভরতনাট্যম একটি দুরূহ ধ্রুপদি নৃত্যধারা, যা গুরু চন্দ্রশেখরের পরিবেশনায় আমাদের অন্তর-আত্মার কাছে অব্যক্ত থাকেনি। আমাদের হৃদয়ে তুলেছে টঙ্কার, করোটিতে ফেলেছে স্বপ্নের ছাপ। শিল্প জীবনের কার্বন কপি নয়, যা ভাবাবে ও আনন্দিত করবে, গুরুজির পরিবেশনায় তার ষোলো আনাই প্রাপ্তি ঘটেছে। তাঁর চোখ, মুখমণ্ডল, হস্ত অঙ্গুলি ও পদযুগল আমাদের আকৃষ্ট করে রেখেছিল তাঁর সামগ্রিক নিবেদনের ভঙ্গিমায়। শিল্পের কাছে এই নিবেদন আমাদের হৃদয়কে নন্দিত ও আর্দ্র করেছে। আমরা এক স্বপ্নের ঝালর চোখে ধারণ করে বাড়ি ফিরেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ওই মালতী লতা দোলে’র সঙ্গে তাঁর নিবেদন, সৌষ্ঠব ও মাধুর্য আমাদের চোখকে সিক্ত করেছে। ইংরেজিতে একটি প্রবচন আছে, যার অর্থ করলে দাঁড়ায় অনাবিল আনন্দ। সেই অনাবিল-অনাস্বাদিত আনন্দে আমাদের সময়টা যেন উড়ে চলে গেছে মহাবিশ্বে, সেই সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মিলনায়তনে বসে। লাইসা আহমেদ লিসা গুরুজির নৃত্যের সঙ্গে ‘ওই মালতী লতা দোলে’ প্রাণ ঢেলে গেয়েছেন। সুকুমার গোবিন্দ্রাম কুট্টি গুরুজির নৃত্যের সঙ্গে ধ্রুপদি সংগীত, অন্য দুজনের মৃদঙ্গ আর বেহালাবাদন ছিল অত্যন্ত প্রশংসনীয়। গুরু চন্দ্রশেখরের কাছে কর্মশালার মাধ্যমে আমাদের দেশের শিক্ষার্থী কিশোর-কিশোরীদের নৃত্য পরিবেশনাও ছিল মনোগ্রাহী। সর্বশেষে সব প্রশংসা প্রাপ্য নৃত্য নন্দনের কর্ণধার শর্মিলা বন্দ্যোপাধ্যায় আর তাঁর সহকর্মীদের, এমন একটি মহতী প্রয়াসের জন্য। গুরুজি আমাদের দেশে কর্মশালা পরিচালনার জন্য আগেও একাধিকবার এসেছেন, কিন্তু প্রায় ১৩ বছর আকুতির পর তাঁকে মঞ্চে ওঠাতে পেরেছে নৃত্য নন্দন। আমরা ধন্য হয়েছি, সেই অপরূপ সন্ধ্যাকে আমরা ভুলব না এবং সাধুবাদ জানাই নৃত্য নন্দনের এই অনন্য আয়োজনকে।