এক অমর শিল্পীর কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান প্রজন্মের অনেকে ওস্তাদ মোমতাজ আলী খান সম্পর্কে তেমন একটা জানেন না। কিন্তু যখন গান বেজে ওঠে, ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া’ অথবা ‘গুন গুন গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়’, তখন খোঁজ নিয়ে দেখে, তার স্রষ্টা হলো মোমতাজ আলী খান। বাংলার গণ্ডি পেরিয়ে ভারতেও তাঁর গান জনপ্রিয়।গুণী এই শিল্পীর জন্ম ১৯১৫ সালের ১ আগস্ট মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরের ইরতা কাশিমপুর গ্রামে। স্কুলে পড়া অবস্থায় তাঁর বাবা আফসার আলী খানের কেনা কলের গান শুনে সংগীতের প্রতি তাঁর অনুরাগ। সপ্তম শ্রেণীতে পড়ার সময়ই গান শেখার জন্য কলকাতা যান তিনি। তালিম নেন পদ্মভূষণণপ্রাপ্ত ওস্তাদ নেসার হোসেন খানের কাছে। পাশাপাশি ওস্তাদ জমির উদ্দিন খানের কাছে খেয়াল, ঠুমরি ও গজলের তালিম নেন। এ সময় মোমতাজ আলী প্রাইভেট পরীক্ষা দিয়ে উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি শাস্ত্রীয় সংগীতের সঙ্গে গ্রাম-বাংলার আবহমানকালের মাটির সুরে দোতারা সহযোগে লোকসংগীতের চর্চা করতেন। একপর্যায়ে তিনি ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর শিষ্যত্ব লাভ করেন। তাঁরই সহায়তায় কলকাতায় সং পাবলিসিটি বিভাগে কণ্ঠশিল্পী হিসেবে যোগ দেন। ১৯৩২ সালে মাত্র ১৭ বছর বয়সে গ্রামোফোন কোম্পানি থেকে ‘ওরে শ্যাম’ ও ‘আমি যমুনাতে যাই’ গান দুটি রেকর্ড করেন। এরপর ১৯৩৩ সালে কলকাতা বেতারে সংগীতশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৩৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে শান্তিনিকেতনে যান মোমতাজ আলী। তাঁর সঙ্গে কথা বলে মুগ্ধ হন রবীন্দ্রনাথ। একই সময়ে তিনি কে মল্লিক ও কাজী নজরুল ইসলামের সান্নিধ্যে আসেন। ওস্তাদ আয়েত আলী খানের শিষ্যত্ব গ্রহণ করেন ১৯৩৫ সালে। ১৯৩৭ সালে তিনি সং পাবলিসিটি বিভাগের চাকরি ছেড়ে কলকাতা বেতারে নিজস্ব শিল্পী হিসেবে কাজ শুরু করেন। ১৯৪৩ সালে সে সময়ের ভারত-পাকিস্তানের একমাত্র মহিলা বাদক শিল্পী কাজল খানের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। কাজল খান ছিলেন ওস্তাদ ফুলঝুরি খানের ছাত্রী। ১৯৪৬ সালে তিনি কলকাতা থেকে ঢাকায় চলে আসেন এবং ঢাকা বেতারের নিজস্ব শিল্পী হিসেবে যোগ দেন। ১৯৬২ সালে মোমতাজ আলী খান দক্ষিণ-পূর্ব এশীয় সংগীত প্রতিযোগিতায় প্রথম হন। ১৯৬৫ সালে সংগীতশিল্পী হিসেবে যোগ দেন পশ্চিম পাকিস্তানের পিআইএর আর্টস একাডেমিতে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মোমতাজ আলী খানের গান মানুষকে উদ্বুদ্ধ করেছে। তাঁর গাওয়া ‘বাংলা মায়ের রাখাল ছেলে’, ‘বাংলাদেশের মাটি ওগো’ গানগুলো ক্ষণে ক্ষণে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে। এ ছাড়া অনেক চলচ্চিত্রেও তিনি কণ্ঠ দিয়েছেন, যার মধ্যে আকাশ আর মাটি, সাত ভাই চম্পা, বেদের মেয়ে, অরুণ বরুণ কীরন মালা, রূপবান, জোয়ার ভাটা, যে নদী মরু পথে ইত্যাদি উল্লেখযোগ্য।১৯৯০ সালের ৩১ আগস্ট লোকসংগীতের এই প্রবাদপ্রতিম সাধকের মৃত্যু ঘটে। মৃত্যুর আগপর্যন্ত তিনি বাংলাদেশ রেডিও ও টেলিভিশনে সংগীত পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষা বোর্ডে সংগীত পরীক্ষক ছিলেন। ছায়ানট সংগীত বিদ্যায়তনের লোকসংগীত বিভাগের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে আমাদের শ্রদ্ধা।