এক অ্যালবামে তপন-শুভমিতা
এবার একই অ্যালবামে কাজ করতে যাচ্ছেন দুই বাংলার দুজন জনপ্রিয় শিল্পী। বাংলাদেশ ও ভারতের এ দুই জনপ্রিয় শিল্পী হলেন—তপন চৌধুরী ও শুভমিতা। দ্বৈত এই অ্যালবামটির সুর ও সংগীত পরিচালনা করবেন এ সময়ের আরেক জনপ্রিয় সংগীত পরিচালক আরফিন রুমী। সম্প্রতি বাংলাদেশের একটি টিভি চ্যানেলে প্রথমবারের মতো সরাসরি একটি অনুষ্ঠানে গান করতে এসেছিলেন শুভমিতা। আর ওই অনুষ্ঠানে প্রথম শুভেচ্ছা বিনিময় হয় তাঁদের। তারপর দুরবীন ব্যান্ডের ভোকাল শহীদের মাধ্যমে আলাপ-আলোচনার একপর্যায়ে একই অ্যালবামে কাজ করার বিষয়ে দুজনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ঢাকা সফরের সময় প্রথম আলোর সঙ্গে আলাপকালেও অবশ্য শুভমিতা বাংলাদেশে নিয়মিত কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি আরও বলেছিলেন, ‘বাংলাদেশের মানুষ আমাকে এতটা ভালোভাবে গ্রহণ করবে, সেটা ভাবতেই পারিনি।’তপন চৌধুরী ও শুভমিতার অ্যালবামটির এখন গান বাছাইয়ের কাজ চলছে। জানা গেছে, অ্যালবামে মোট গান থাকবে ১০টি। তার মধ্যে দ্বৈত কণ্ঠে থাকবে চারটি গান। বাংলাদেশের প্রথম সারির গীতিকবিরা অ্যালবামটির জন্য গান লিখবেন। পাশাপাশি থাকবে প্রতিভাবান তরুণ গীতিকবির গানও।অ্যালবামটির প্রসঙ্গে তপন চৌধুরী বলেন, ‘শুভমিতা নিঃসন্দেহে অনেক ভালো মানের একজন শিল্পী। অনেক দিন ধরে তাঁর গান শুনে আসছি। এবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এটা আসলে অনেক ভালো লাগার ব্যাপার। আশা করছি অ্যালবামটির মাধ্যমে বাংলাদেশের শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে পারব।’এদিকে অ্যালবামটি সম্পর্কে কলকাতা থেকে মুঠোফোনে শুভমিতা বলেন, ‘তপন বাবুর (তপন চৌধুরী) সঙ্গে আমার প্রথম আলাপ হয় দেশ টিভির সরাসরি গানের অনুষ্ঠানে। তারপর কলকাতায় ফিরে আসার পর আমার বাংলাদেশি ভাই শহীদের মাধ্যমে উনার সঙ্গে দ্বৈত অ্যালবামটির ব্যাপারে কথা হয়। উনার মতো একজন বড়মাপের শিল্পীর সঙ্গে কাজ করতে যাচ্ছি ভেবে আমারও বেশ ভালো লাগছে। আগামী মার্চে আমি আবার ঢাকায় আসব। তখনই অ্যালবামটির কাজ শুরু করব।’উল্লেখ্য, ভারতের বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী শুভমিতা এর আগে বাংলাদেশের আরও একটি দ্বৈত অ্যালবামে গান করেছেন। ওই অ্যালবামে শুভমিতার সহশিল্পী ছিলেন দুরবীন ব্যান্ডের প্রধান ভোকাল শহীদ। অ্যালবামটি আগামী ভালোবাসা দিবস অথবা পয়লা বৈশাখে বাজারে আসবে বলে জানান শহীদ।