এক আইটেম গানে রজনীকান্তের সম্মানী ১৫ কোটি রুপি!
এই প্রথম আইটেম গানে অংশ নিতে যাচ্ছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। আমির খানের ‘তালাশ’ ছবির একটি আইটেম গানে দেখা যাবে বর্ষীয়ান এ তারকাকে। আর এর বিনিময়ে পারিশ্রমিক হিসেবে তিনি পকেটে পুরবেন ১৫ কোটি রুপি!এরই মধ্যে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল এ আইটেম গানে অংশ নেওয়ার জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছেন ৬১ বছর বয়সী রজনীকান্ত। এই ‘রোবট’ তারকার পারিশ্রমিকসহ সব মিলিয়ে এ গানের পেছনে খরচ হবে ৫০ কোটি ভারতীয় রুপি। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।গানটি সম্পর্কে আরও কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে এনডিটিভি। বিশ্বের বিভিন্ন দেশের ৫০টি ভিন্ন ভিন্ন লোকেশনে এই গানের দৃশ্য ধারণ করা হবে। শুধু তা-ই নয়, বলিউডের রথী-মহারথী থেকে শুরু করে জনপ্রিয় কয়েকজন ক্রিকেটার এবং রাজনীতিবিদও অংশ নেবেন এ আইটেম গানে।আরও আগেই শুরু হওয়ার কথা ছিল ‘তালাশ’ ছবির কার্যক্রম। কিন্তু আমির খান ছোটপর্দায় ব্যস্ত হয়ে পড়ায় পিছিয়ে যায় ছবিটির কাজ।কিছুটা দেরিতে শুরু হলেও এ বছরের নভেম্বরেই ‘তালাশ’ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।