
আয়রন ম্যান ছবিটি মুক্তির আগে অসংখ্য ছবিতে কাজ করে নাম কুড়িয়েছেন তিনি। পেয়েছেন সমালোচনা, জুটেছে গালমন্দও। তবে বক্স অফিস সাফল্যটা বরাবরই ধরাছোঁয়ার বাইরে ছিল এই অভিনেতার। সবকিছুই যেন পাল্টে দিল আয়রন ম্যান। স্টাইলিশ, সুদর্শন আর খেয়ালি উদ্ভাবক টনি স্টার্কের ভূমিকায় একেবারে যেন মানিয়ে গেলেন তিনি। সুপার হিরো আয়রন ম্যানের ছবি দিয়েই তাঁর নতুন জীবন পাওয়া। তিনি রুপালি পর্দার লৌহমানব—রবার্ট ডাউনি জুনিয়র।রবার্ট ডাউনির জন্ম ১৯৬৫ সালের ৪ এপ্রিল নিউইয়র্কের ম্যানহাটনে। বাবা ছিলেন ইন্ডিপেনডেন্ট ছবির পরিচালক। স্বাভাবিকভাবে বাবার ছবির মাধ্যমেই রুপালি পর্দার সঙ্গে পরিচয় হয় রবার্ট ডাউনির। পাঁচ বছরের ছোট্ট রবার্টকে প্রথম বড় পর্দায় দেখা যায় বাবা রবার্ট ডাউনি সিনিয়রের পাউন্ড ছবিতে। তবে সবার নজরে আসতে কিছুটা সময় নেন এই প্রতিভাবান অভিনেতা। ২২ বছর বয়সে লেস দ্যান জিরো ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান রবার্ট। এরপর ১৯৯১ সালে সোপডিস ছবিটি দিয়ে আবারও আলোচনায় এলেও রবার্ট ডাউনির জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি ছিল পরের বছর চার্লি চ্যাপলিনের জীবন নিয়ে নির্মিত প্রখ্যাত পরিচালক রিচার্ড এটেনবোরোর চ্যাপলিন ছবিটি। এই ছবিতে চ্যাপলিনের ভূমিকায় অনবদ্য অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পান। এরপর অভিনয় করেন তাঁর ক্যারিয়ারের আরও একটি সেরা কাজ ন্যাচারাল ওয়ান কিলারস ছবিতে। তরুণ বয়সে এত খ্যাতির পর সবাই ধরেই নিয়েছিল, হলিউডের পরবর্তী বড় তারকা হতে যাচ্ছেন বুঝি রবার্ট। কিন্তু মাদকাসক্ত আর অনিয়ন্ত্রিত জীবনযাপন তাঁকে ছুড়ে ফেলে দেয় শীর্ষ থেকে। ২০০১ সালে রবার্ট ভর্তি হন মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে। জীবনের অন্ধকার দিক থেকে বেরিয়ে আসতে নিজেকে পরিবর্তন করতে থাকেন ডাউনি জুনিয়র। গথিকা, গুড নাইট অ্যান্ড গুড লাক ,দ্য সিনগিং ডিটেকটিভ, ট্রপিক থান্ডার, টিভি সিরিজ এলে ম্যাকবিলসহ উল্লেখযোগ্য বেশ কিছু ছবি দিয়ে ধীরে ধীরে জীবন পায় তাঁর নতুন হলিউড ক্যারিয়ার। এরপর ২০০৮ সালে মার্ভেল কমিকসের জনপ্রিয় কমিক হিরো আয়রন ম্যানকে নিয়ে তৈরি আয়রন ম্যান ছবিটি তাঁর অতীত ক্যারিয়ারের কালো অধ্যায়কে মুছে দিয়ে সব যেন পাল্টে দিল।
১৪০ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত আয়রন ম্যান সে সময় ঝড় তুলেছিল সারা বিশ্বে। বক্স অফিসের হিসাব অনুযায়ী ছবিটি বিশ্বব্যাপী ব্যবসা করে ৫৮১ মিলিয়ন ডলার। এরপর ২০১০ সালে মুক্তি পায় এই সিরিজের দ্বিতীয় ছবি আয়রন ম্যান ২। আর গেল বছরের সবচেয়ে ব্যবসাসফল দি অ্যাভেঞ্জার ছবির অন্যতম সদস্য ছিলেন এই সুপার হিরো। বহুরূপী এই অভিনেতা এরই ফাঁকে সেজেছেন শার্লক হোমসও। গাই রিচির পরিচালনায় কিংবদন্তি গোয়েন্দা শার্লক হোমসরূপী রবার্ট ডাউনির শার্লক হোমস (২০০৯) ও শার্লক হোমস-এ গেম অব শ্যাডোজ (২০১১) ছবি দুটি মুক্তি পায়।

গেল সপ্তাহে মুক্তি পেয়েছে আয়রন ম্যান সিরিজের তৃতীয় পর্ব আয়রন ম্যান ৩। অন্যান্যবারের মতো এবারও ছবিটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র। জমজমাট অ্যাকশন আর চোখ ধাঁধানো স্পেশাল ইফেক্ট নিয়ে ছবিটি এ সপ্তাহের হলিউড বক্স অফিসে শীর্ষ অবস্থানে রয়েছে। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্রে ছবিটি আয় করেছে প্রায় ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার, যা সর্বকালের প্রথম সপ্তাহের বক্স অফিস আয়ে দ্বিতীয়। যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার আগে ছবিটি চীন, রাশিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হয়। বহির্বিশ্ব থেকে এ পর্যন্ত ছবিটি আয় করেছে প্রায় ৫০৫ মিলিয়ন মার্কিন ডলার। ছবিতে ডাউনি জুনিয়র ছাড়া আরও অভিনয় করেছেন গিনেথ পালথ্রো, ডন চিয়াডলি, পলট্রো, গাই পিয়ারস, বেন কিংসলে প্রমুখ। ছবিটির একটি অংশের পুরো চিত্রায়ণ হয়েছে চীনে। চীনের অংশ বাদ দিয়ে ছবির বাকি অংশের পুরো দৃশ্যধারণ হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায়।
আয়রন ম্যান ও আয়রন ম্যান ২ ছবি দুটি জন ফ্যাব্রিউ পরিচালনা করলেও আয়রন ম্যান ৩ নির্মাণের গুরুদায়িত্ব পালন করেছেন শেন ব্ল্যাক। তবে ফ্যাব্রিউ অভিনয় করেছেন এবারে ছবিতেও।
l সাজিদুল হক
হলিউড রিপোর্টার ও এলএ টাইমস অবলম্বনে