এক উৎসবে সাত পুরস্কার

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সামার স্লাম চলচ্চিত্র উৎসবে ৭টি পুরস্কার পেয়েছে বাংলাদেশের ছবি ‘গাড়িওয়ালা’। যে সব ক্যাটাগরি বা বিভাগে ‘গাড়িওয়ালা’ ছবিটি পুরস্কার পেয়েছে, পুরস্কারের সেই বিভাগগুলো হলো—সেরা বিদেশি ছবি, সেরা ফ্যামিলি ফিচার ছবি, সেরা চিত্রনাট্য, সেরা অভিনেত্রী (রোকেয়া প্রাচী), সেরা পরিচালক (আশরাফ শিশির), সেরা সিনেমাটোগ্রাফি এবং দর্শকের পছন্দে সেরা ছবি।
গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসে এই উৎসবের আয়োজন করা হয়েছিল।
এদিকে, ২৭ সেপ্টেম্বর ভারতের কলকাতায় আয়োজিত নেজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে ‘গাড়িওয়ালা’। বিভাগগুলো হলো—সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী (রোকেয়া প্রাচী) ও সেরা শিশুশিল্পী (শেখ মারুফ)।
সরকারি অনুদানে নির্মিত ‘গাড়িওয়ালা’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও রাইসুল ইসলাম আসাদ। এ ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন মাসুম আজিজ, ইমরান, ফারুক, আবদুর রহমান রাজীব, আর জে মুকুল, সাকি ফারজানা প্রমুখ।
এর আগে, আশরাফ শিশির পরিচালিত ‘গাড়িওয়ালা’ ছবিটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব রাজস্থান ২০১৪তে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিল।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নর্থ ক্যারোলিনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যকার, সেরা পার্শ্ব অভিনেতা এবং সেরা শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হয়েছিল বাংলাদেশের এই ছবিটি।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে শারজাহ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চতুর্থ এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল চলচ্চিত্র উৎসব, পাকিস্তানে রাফি পীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, অষ্টম বাংলাদেশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, বিহার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং কম্বোডিয়ায় অ্যাঙ্কর ওয়াট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘গাড়িওয়ালা’ ছবিটি।