
মেয়ের মৃত্যুর এক দিনের মধ্যেই মা প্রয়াত হলেন। শোকের এই আবহের মধ্য দিয়েই শেষ হয়েছিল গত বছরটা। গত বছরের ২৭ ডিসেম্বর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ৬০ বছর বয়সী অভিনেত্রী ক্যারি ফিশার। এর ঠিক এক দিন পর ৮৪ বছর বয়সী অভিনেত্রী ডেবি রেইনল্ডও মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে প্রয়াত হন। মেয়ে আর মায়ের এক হৃদয়স্পর্শী বিদায় তাঁদের সম্পর্ককে এক অন্য শিখরে নিয়ে গেছে। সেই মা-মেয়ের শেষকৃত্যও হয়েছিল একসঙ্গে। তাঁদের সমাধিও পাশাপাশি। সম্প্রতি এই মা-মেয়ের সমাধিস্থলে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে তাঁদের নাম, জন্ম ও মৃত্যুর দিনক্ষণ। একই এপিটাফে খোদাই করে একই হলফে তাঁদের নাম জ্বলজ্বল করছে। আর এটাই এখন প্রাণহীন সমাধিক্ষেত্রে যোগ করেছে নতুন দৃষ্টান্ত।

যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের হলিউড হিল এলাকায় ফরেস্ট লন সিমেট্রি হলো ডেবি রেইনল্ড ও ক্যারি ফিশারের শেষ ঠিকানা। সবুজে ঘেরা সেই সমাধিক্ষেত্রে তারকা মা-মেয়ের জুটিকে পাশাপাশি সমাধিস্থ করা হয়েছে। মৃত্যুর বেশ কয়েক মাস পর মা-মেয়ের প্রয়াণের এ ঘটনা যখন সংবাদমাধ্যমগুলোর হিসাবে ‘পুরোনো খবর’ হয়ে উঠছিল, তখন ডেবি ও ক্যারি আবার নতুন করে খবরের রসদ হলেন। এক এপিটাফে নাম লিখিয়ে এ দুই অভিনেত্রীর প্রস্থান আবারও সবার মনকে ভারী করে তুলল। গত ৩০ এপ্রিল ডেবি রেইনল্ড ও ক্যারি ফিশারের সমাধিক্ষেত্রে একটি গ্রিক মূর্তি স্থাপন করা হয়। মা-মেয়ের সম্পর্কের গভীরতাকে সেই পাথুরে অবয়বে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা দিন কয়েকের মধ্যেই নজর কেড়েছে

পর্যটকদের। মা-মেয়ের যৌথ এপিটাফ দেখতেই এখন দূরদূরান্ত থেকে ছুটে আসছে অনেকে। হলিউডের কিংবদন্তি বলে কথা। সেই ডেবি রেইনল্ড, যাঁর নাম এলেই চোখের সামনে ভেসে ওঠে সিংগিং ইন দ্য রেইন ছবির ‘ক্যাথি’র সেই হাসিমাখা মুখ। আর ক্যারি ফিশার তো সবার মনে সেই ‘স্টার ওয়ার্স’-এর ‘প্রিন্সেস লিয়া’ হয়েই থেকে যাবেন। তবে এখন সব পর্দার চরিত্র আর গল্পকে ছাপিয়ে গেছে তাঁদের বাস্তব জীবন। সেই জীবন, যার সমাপ্তি এই মা-মেয়ের জুটি বেঁধে দিয়েছে এক গল্পে, এক এপিটাফে।
ডেইলি মেইল ও ইউএস উইকলি অবলম্বনে আদর রহমান