এক কিশোরীর গল্প
চৌদ্দ ছুঁই ছুঁই বয়সী এক কিশোরীর গল্প লাল জমিন। নানা বয়সের মানুষ নানাভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কেউ বা যুদ্ধের মাঠে শহীদ হয়েছেন, কেউ বা পরে স্বাধীনতাবিরোধীদের নানা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আর যাঁরা আজও সেই গৌরব নিয়ে বেঁচে আছেন, তাঁরা কেমন আছেন? মুক্তিযুদ্ধ নিয়ে ওই কিশোরীর মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এসব প্রশ্নের জবাব খুঁজতে এগিয়ে যায় নাটকের কাহিনি। এভাবেই নিজের নতুন নাটকের গল্পের কথা জানালেন মান্নান হীরা। মঞ্চের জন্য নতুন নাটক লিখেছেন তিনি। নাম লাল জমিন। এখানে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। আগামী ১৮ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। সাধারণ দর্শকেরা নাটকটি দেখতে পাবেন ২০ মে। এখন চলছে মহড়া। এটির নির্দেশনা দিচ্ছেন সুদীপ চক্রবর্তী। লাল জমিন মঞ্চে আনছে নাটকের নতুন দল শূন্যন। মোমেনা জানান, এর আগে তিনি আরণ্যক নাট্যদলের ইবলিশ, পাথর, কোরিওলেনাস, প্রাকৃতজন কথা, নানকার পালা, জয়জয়ন্তী, ময়ূর সিংহাসন, উপরওয়ালা, সংক্রান্তি ও বিদ্যাসাগর এবং বিভিন্ন পথনাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তবে এবারই প্রথম তিনি একক অভিনয় করছেন।মোমেনা বলেন, ‘শূন্যন রেপার্টরি থিয়েটার। আরণ্যকের পাশাপাশি আমি এখানেও কাজ করব। লাল জমিন নাটকের চরিত্রটি পাওয়ার পর থেকে পর্বতসমান চাপ অনুভব করছি। নাটকটি মঞ্চস্থ হওয়ার পর হয়তো তা সরে যাবে। এত দিন তো সবার সঙ্গে অভিনয় করেছি, এবার পুরো ব্যাপারটা আমাকে একাই সামলাতে হচ্ছে। মান্নান হীরা চমৎকার লিখেছেন। আর সুদীপ চক্রবর্তী আমাকে দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমিও চেষ্টা করছি।’জানালেন, এখন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মহড়া করছেন তাঁরা।