এক ক্ষণজন্মা শিল্পীকে স্যালুট

গানের মাঝেই অমর হয়ে থাকবেন ক্ষণজন্মা সংগীতশিল্পী মান্না দে। মান্না দের চিরপ্রস্থানে তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেছেন বাংলাদেশ ও ভারতের শিল্পী, অভিনেতা কলাকুশলীদের অনেকেই। মান্না দের চলে যাওয়াকে বিদায় বলতে রাজি নন তাঁরা। স্যালুট জানিয়েছেন তাঁর অবদানকে।
মান্না দের চলে যাওয়া প্রসঙ্গে বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘ভারতীয় সংগীত জগতের নক্ষত্রপতন ঘটল। তাঁর অনেক স্মৃতি ও গান আজ মনে পড়ছে।’
অনুপম খের বলেছেন, ‘মান্না দে সেই কিংবদন্তি শিল্পীদের মধ্যে প্রথম, যাঁর গান আমি সিমলায় একটি অনুষ্ঠানে শুনেছিলাম। তিনি তাঁর কণ্ঠস্বরের মতোই ভদ্র ও শান্ত ছিলেন। তাঁকে খুব মিস করব। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
শাবানা আজমি বলেছেন, ‘মান্না দে একজন অসাধারণ কণ্ঠের অধিকারী ছিলেন। “অ্যায় মেরি জোহরা জবি”, “দিল কা হাল শুনে দিলওয়ালা”, “পুছো না ক্যায়সে ম্যায়নে” এ রকম অসম্ভব জনপ্রিয় গানের মধ্যেই তিনি বেঁচে থাকবেন।’
টালিউডের অভিনেতা প্রসেনজিত্ জানিয়েছেন, ইয়ে সার্কাস হ্যায় তিন ঘণ্টে কি...পেহলা বচপন...দুসরা জাওয়ানি, তিসরা বুঢপা হ্যায়। অউর উসকে বাদ রিয়েলিটি অফ লাইফ। ইউ আর উইথ আস। স্যালুট।
শিল্পী শ্রেয়া ঘোষাল বলেছেন, ‘সারা জীবন তিনি সংগীতের সাধনা করে গেছেন। শুধু শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবেও খুব ভালো ছিলেন। তিনি মারা যাননি, তিনি অমর।’
শিল্পী শ্রীকান্ত আচার্য তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, মান্না দের মতো শিল্পী শতাব্দীতে একবারই আসেন।
শিল্পী রুনা লায়লা মান্না দে সম্পর্কে জানিয়েছেন, সংগীতশিল্পী মান্না দে যতটা না বড়, তার চেয়ে বড় মনের একজন মানুষ ছিলেন তিনি।
এন্ড্রু কিশোর বলেন, ‘তিনি আমাদের দেশের বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। মান্না দা তাঁর সৃষ্টি এবং কৃতকর্ম দিয়ে কখনো বাঙালি এবং বাংলা সংস্কৃতি থেকে হারিয়ে যাবেন না। বেঁচে থাকবেন যুগ যুগ ধরে।’