এক গান একটি অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র একটি গান নিয়ে অ্যালবাম করছেন ন্যান্সি। অ্যালবামের নাম মা। এরই মধ্যে ন্যান্সি কাজ শুরু করেছেন। তিনি জানালেন, সম্প্রতি তাঁর মা জ্যোৎস্না হক প্রয়াত হয়েছেন। মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই অ্যালবাম তৈরি করছেন তিনি। ‘মা’ শিরোনামের গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনা করছেন অদিত। গানটির রেকর্ডিং হবে ১৭ জুন। অ্যালবামে এই গানের অডিওর পাশাপাশি থাকবে ভিডিও। পবিত্র রমজান মাসের আগেই অ্যালবামটি প্রকাশ করার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা।ন্যান্সি বলেন, ‘গানের জগতে আমার বড় হওয়া এবং এত দূর আসা—সবকিছুতেই ছিল মায়ের অনুপ্রেরণা। মায়ের মৃত্যুর পর তাঁকে গভীরভাবে অনুভব করছি। তাঁকে শ্রদ্ধা জানানোর জন্যই আমি গানটি গাইছি। গানটি মোটেও বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে না। আর গানটি আমার মাকে নিয়ে করা হলেও তা সব মাকে উৎসর্গ করছি।’২০০৯ সালে সংগীতা থেকে বের হয় ন্যান্সির প্রথম একক অ্যালবাম ভালোবাসা অধরা। তিন বছর পর ডেডলাইন মিউজিক থেকে বের হয় দ্বিতীয় একক রং। মা হবে ন্যান্সির তৃতীয় অ্যালবাম।