এক গানে চার কণ্ঠশিল্পী
বাপ্পা মজুমদার, হায়দার হোসেন, আগুন ও পড়শী—এই চার কণ্ঠশিল্পী একসঙ্গে ‘জোনাকির আলো’ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গত মঙ্গলবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। কবির বকুলের লেখা এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত পরিচালনা করেছেন হায়দার হোসেন। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত ‘জোনাকির আলো’ চলচ্চিত্রের এ গানটির মধ্য দিয়ে চলচ্চিত্রে দ্বিতীয়বারের মতো কাজ করলেন হায়দার হোসেন।‘পৃথিবীর মানুষ বড় একা, তবু সবাই খোঁজে সুখেরই দেখা’ শিরোনামের গানটির মধ্য দিয়ে হায়দার হোসেনের সুর ও সংগীত পরিচালনায় প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন বাপ্পা-আগুন-পড়শী।এ প্রসঙ্গে হায়দার হোসেন বলেন, ‘আমি প্রথম “গহীনে শব্দ” চলচ্চিত্রে গানের কাজ করি। এটি আমার দ্বিতীয় চলচ্চিত্র। প্রচলিত ঘরানার একেবারেই বাইরে একটি ভিন্ন স্বাদের গান তৈরির চেষ্টা করেছি। আমার বিশ্বাস, গানটি সবারই ভালো লাগবে।’হায়দার আরও বলেন, ‘আমার কাছে মনে হয় চলচ্চিত্রে গান করা অতটা সহজ ব্যাপার নয়। আগুনের কণ্ঠ চলচ্চিত্রের গানের জন্য পুরোপুরি উপযুক্ত। চলচ্চিত্রের গানের জন্য কণ্ঠের যে বৈচিত্র্য দরকার, আগুনের মধ্যে তার পুরোটাই রয়েছে।’বাপ্পা প্রসঙ্গে হায়দার বলেন, ‘খুবই ব্যালান্সড একজন গায়ক বাপ্পা। তাঁর সঙ্গে কাজ করে অনেক আরাম পাই।’আর পড়শী প্রসঙ্গে হায়দার বলেছেন, ‘পড়শীর কণ্ঠে এখনো পরিপূর্ণতা আসেনি। কিন্তু ভবিষ্যতে সে অনেক ভালো গান করবে।’ আগুন বলেন, ‘অসাধারণ একটি গান করলাম অনেক দিন পর। গানটির দৃশ্যায়ন যথাযথভাবে করতে পারলে আমার মনে হয় এ গানটিই হবে ছবির প্রধান আকর্ষণ। হায়দার ভাই খুব চমত্কার সংগীতায়োজন করেছেন।’ পড়শী বলেন, ‘গুণী সব শিল্পীর সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়া আমার জন্য সত্যিই অনেক আনন্দের। জানি না কেমন গেয়েছি। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের ভালোই লাগবে।’‘জোনাকির আলো’ চলচ্চিত্রে চার কণ্ঠশিল্পীর এই গানের দৃশ্যায়নে অংশ নেবেন ইমন, বিদ্যা সিনহা মিম ও কল্যাণ।