এক গানে তাঁরা সবাই
এনটিভির বর্ষপূর্তি উপলক্ষে তৈরি হচ্ছে একটি গান। ‘এসো স্বপ্নের জাল বুনি, বাতাসে উড়াই বিজয়েরই ধ্বনি’ শিরোনামের গানটির কথা লিখেছেন আর আই জীবন। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। এতে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, কানিজ সুবর্ণা ও মিলা। সম্প্রতি বাপ্পা মজুমদার ও শওকত আলী ইমনের স্টুডিওতে গানটির ধারণকাজ শেষ হয়েছে। ইমন বললেন, ‘এ গানের মধ্য দিয়ে চ্যানেলটির ভাবনা যেমন উঠে এসেছে, তেমনি রয়েছে দেশের কথা।’শিগগিরই গানটির মিউজিক ভিডিওর শুটিং শুরু হবে। এখানে কণ্ঠশিল্পীদের পাশাপাশি অংশ নেবেন ৭০ জন নৃত্যশিল্পী। মিউজিক ভিডিওটি পরিচালনা করবেন তানভীর খান।এনটিভি সূত্রে জানা গেছে, ৫ জুলাই এনটিভির বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এ অনুষ্ঠানে গাওয়া হবে গানটি। পাশাপাশি ১ জুলাই থেকে গানটির মিউজিক ভিডিও দেখানো হবে এনটিভিতে।