এক গানে ১২ শিল্পী
ঈদ উপলক্ষে এটিএন বাংলার বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজে রে’র বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন এ সময়ের ১২ জন শিল্পী। ঈদ নিয়ে করা এই গানের শিল্পীরা হলেন: কিশোর, সাব্বির, ইমরান, বেলাল খান, পুলক, আতিক, নির্ঝর, রন্টি, নিশিতা, লিজা, পূজা ও নওমী। গানটির বিষয়বস্তু ঈদের আনন্দ ও দেশাত্মবোধ। জানিয়েছেন অনুষ্ঠানটির পরিচালক ও উপস্থাপক খন্দকার ইসমাইল।‘বাংলাদেশের আকাশে আজ নতুন সূর্য উঠেছে/শহর নগর মেঠো পথে খুশির ফুল ফুটেছে/আজ সব প্রাণ একসাথে আনন্দ উচ্ছ্বাসে মেতেছে’—এমন কথার গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন; সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর। রেকর্ডিং শেষে সম্প্রতি বসুন্ধরা সিটির এটিএন বাংলার রেকর্ডিং স্টুডিওতে গানটির চিত্রায়ণ করা হয়েছে। এ প্রসঙ্গে খন্দকার ইসমাইল জানিয়েছেন, ‘ঈদের আনন্দ সবার মধ্যে আরও গভীরভাবে ছড়িয়ে দিতেই আমাদের এ প্রয়াস। গানটির কথা, সুর, সংগীতায়োজন—সবকিছুতে ঈদের আমেজ রয়েছে। একসঙ্গে ১২ জন শিল্পীকে পেয়ে শ্রোতারাও নিশ্চয় মজা পাবে।’ ঈদের পঞ্চম দিন রাত ১০টা ৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে ‘ঈদের বাজনা বাজে রে’ অনুষ্ঠানটি।