এক গায়েনের গল্প
শাহনেওয়াজ কাকলীর ছবি উত্তরের সুর। নামটা এমন কেন? কাকলী বললেন, ‘উত্তরের সুর বললেই মনে হবে ভাওয়াইয়া গানের কথা। আমার এ ছবিটি একজন গায়েনের গল্প নিয়ে। সে ঘুরে ঘুরে ভাওয়াইয়া গান করে। সঙ্গে থাকে তার মেয়ে। গায়েনের স্বপ্ন, তার এই মেয়ে একদিন বড় শিল্পী হবে। কিন্তু মায়ের ইচ্ছা, মেয়ে স্কুলে যাক। কারণ, স্কুলে পড়ার বিনিময়ে খাবার দেওয়া হয়। কিন্তু গান গেয়ে কোনো উন্নতি হবে না। এখন আর কেউ গায়েনের দোতরা বাজানো গান শোনে না। সবাই ক্যাসেট আর সিডি কেনে। যে বটগাছের নিচে সবাই ভিড় করে গায়েনের গান শুনত, সেখানে এখন ক্যাসেট ও সিডি বিক্রি হয়।’রংপুরের গঙ্গাচড়া, তারাগঞ্জ, মহিপুর হাট, নির্বাক রেলস্টেশন ও রংপুর শহরে ছবিটির শুটিং করেছেন কাকলী। এখন চলছে ছবির সম্পাদনার কাজ। ছবির তিনটি চরিত্রে অভিনয় করেছেন লুসি, পল ও শিশুশিল্পী মেঘনা। তাদের কেউই চলচ্চিত্রের পরিচিত কোনো মুখ নন। সঙ্গে আছেন রংপুরের থিয়েটারের সঙ্গে সংশ্লিষ্ট নাট্যকর্মীরা। এ ব্যাপারে কাকলী বললেন, ‘ছবির কাহিনির প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়েছি। গল্পটা মাটির খুব কাছাকাছি। এখানে গ্ল্যামার খুব উল্লেখযোগ্য নয়। পাশাপাশি রংপুরের আঞ্চলিক ভাষার দিকটা তো রয়েছেই। এসব দিক বিবেচনা করেই আমি অভিনয়শিল্পীদের নির্বাচন করেছি। বাস্তবতার খুব কাছাকাছি থাকতে চেয়েছি।’ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবির পুরো কাজই হয়েছে ডিজিটাল কারিগরি সহযোগিতায়। কাকলী বলেন, ‘অপসংস্কৃতির জোয়ারে আমাদের লোকজ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। এই ভাওয়াইয়া সুরকে রক্ষা করার দায়িত্ব সবার। এই গান যেন হারিয়ে না যায়, সেই আকুলতাই আমি প্রকাশ করতে চেয়েছি পুরো ছবিতে।’