এক গ্রিনের সবুজ স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০০: রাইজ অব অ্যান এম্পায়ার ছবির একটি দৃশ্যে এভা গ্রিন
৩০০: রাইজ অব অ্যান এম্পায়ার ছবির একটি দৃশ্যে এভা গ্রিন

ক্যারিয়ারের চতুর্থ ছবিটাই কিনা জেমস বন্ডের! আনন্দে লাফিয়ে তো আকাশ ছুঁয়ে ফেলার কথা। আকাশ ছোঁয়া অসম্ভব? তাহলে অন্তত ঘরের ছাদ? অথচ গোপন তথ্য ফাঁস করছেন এমন ফিসফিস স্বরে এভা গ্রিন জানালেন, ২০০৬ সালে মুক্তি পাওয়া বন্ড সিরিজের নতুন ছবি ক্যাসিনো রয়্যাল-এ যখন কাজ করতে এলেন, তখনো জানতেন না এই ছবি ঘিরে উন্মাদনা এতটা।

এমন নয় যে বন্ডের জনপ্রিয়তা সম্পর্কে বকলম ছিলেন এই ফরাসি অভিনেত্রী। জানতেন, এ ছবি নিয়ে উন্মাদনার জ্বর তৈরি হয়। কিন্তু সেই জ্বর যে থার্মোমিটার ভেঙে পারদ ছিটকে বেরোনো জ্বর—তাঁর ধারণাতেই ছিল না। শুটিংয়ের জন্য তাঁর পাশে মৌমাছির মতো সাংবাদিকদের ভিড় দেখেই বুঝতে পারলেন, বন্ড সম্পর্কে যা ভেবেছিলেন, তা আসলে ভুল।

‘ইংলিশদের জন্য তো এটা রাজকীয় একটা ব্যাপার। ওরা এটাকে সেভাবেই দেখে। এখন আমি জানি এটা কত বড় একটা ব্যাপার’—বলেছেন গ্রিন।

খুব স্বাভাবিকভাবেই ক্যাসিনো রয়্যাল তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এমনিতে বন্ডকন্যাদের বেশির ভাগ সময় ছবিতে হাজির করানো হয় স্রেফ সৌন্দর্য বাড়াতে। কিন্তু এরই মধ্যে কিছু কিছু বন্ডকন্যা স্মরণীয় হয়ে আছেন ছবিতে ভিন্ন মাত্রা যোগ করে। গ্রিনের জন্য যুগপৎ ঘটনা ঘটল। তিনি সৌন্দর্য বাড়ালেন, আবার চরিত্রেও যোগ করলেন ভিন্ন মাত্রা। পেয়ে গেলেন সে বছরের বাফটার সেরা নবাগতর পুরস্কার।

এভা গ্রিন
এভা গ্রিন

ইংলিশ ছবিতে তাঁর ক্যারিয়ারটাও পেল ভিন্ন মাত্রা। ক্যাসিনো রয়্যাল-এর পর আরও ছয়টি ছবি করেছেন। কাজ করেছেন একটি ১০ পর্বের ঐতিহাসিক কাহিনিনির্ভর টিভি সিরিজেও। টিম বার্টনের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন ডার্ক শ্যাডোজ্ল-এ। তবে ২০১৪ সালটা যেন ক্যারিয়ারের ভিন্ন একটি অধ্যায় নিয়ে এসেছে তাঁর জন্য। এরই মধ্যে মুক্তি পেয়েছে দুটো ছবি। মুক্তির অপেক্ষায় আছে আরও দুটো। মে থেকে সম্প্রচারিত হবে আট পর্বের টিভি সিরিজ পেনি ড্রেডফুল।

সুসময়ের টাট্টু ঘোড়ায় যে ছুটছেন, সেটার প্রমাণ মিলবে বক্স অফিসেও। যুদ্ধের কাহিনিনির্ভর ফ্যান্টাসি ছবি ৩০০: রাইজ অব অ্যান এম্পায়ার মুক্তির পর উঠে এসেছিল বক্স অফিসের শীর্ষে।

দন্ত চিকিৎসক বাবার কন্যা বেশ দন্ত বিকশিত করে হাসি দিচ্ছেন। কিন্তু ডেন্টিস্ট বাবার মেয়ে অভিনেত্রী হলো কী করে? প্রশ্নটার মধ্যে আসলে কোনো রহস্যই নেই। তাঁর মা মারলেন জোবার্ট ছিলেন সত্তরের দশকে ফ্রান্সের বেশ জনপ্রিয় অভিনেত্রী। জ্যঁ লুক গদারের মতো পরিচালকের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে মায়ের।

কিন্তু তিনি তো দন্ত চিকিৎসকও হতে পারতেন! গ্রিনের উত্তর, ‘মাস্ক পরে মানুষের হা করা মুখের ভেতর উঁকি দেওয়া—ছি, কী বিচ্ছিরি!’

অভিনেত্রী যে হবেন, সেটা ঠিক হয়ে গিয়েছিল আসলে শৈশবেই। তবে মানুষের জীবনের একটি-দুটো ঘটনা কীভাবে যে ভবিষ্যৎ নদীর গতিপথ পাল্টে দেয়, সেটা ভেবেই অবাক হন গ্রিন। তাঁর এক যমজ বোন আছে। মাত্র দুই মিনিটের ছোট। একই সঙ্গে মায়ের গর্ভে ছিলেন। একই সঙ্গে পৃথিবীতে এসেছেন। অথচ সেই বোনটা বেছে নিল অখ্যাতির অচেনা অন্ধকার, আর তিনি কিনা খ্যাতির ঝলমলে আলোয়!

শৈশবে মায়ের ছবি দেখে দেখে বেড়ে উঠেছেন। মায়ের অভিনয় সম্পর্কে গ্রিনের মূল্যায়ন, ‘তিনি আমার চেয়েও পর্দায় বেশি স্বতঃস্ফূর্ত, সহজাত। তিনি যেন ছোট্ট একটা পাখি, আমার সঙ্গে মেলেই না।’ গ্রিন খোলাসা করলেন, বেড়ে ওঠার দিনগুলোতে মায়ের অভিনয়ে খুব বেশি প্রভাবিত হননি। বরং তাঁকে মুগ্ধ করেছে আরেক ফরাসি অভিনেত্রী ইসাবেল আদজানি।

মজার ব্যাপার হলো, ২০০৩ সালে গ্রিনের রুপালি পর্দায় অভিষেকও হয়েছে ইসাবেল নামের চরিত্রটি দিয়ে। সবই ঠিক আছে, কিন্তু গ্রিনের বেশির ভাগ চরিত্রই যেন একটু রহস্য মেঘের আড়ালে ঢাকা। ভারিক্কি ধরনের। গোল্ডেন কম্পাস-এ যেমন অভিনয় করলেন ডাকিনি রানির। ফ্রাঙ্কলিন-এ ছিলেন সিজোফ্রেনিক রোগী। ক্র্যাকস-এ সেই তিনিই আবার খুনে এক স্কুলশিক্ষিকা!

গ্রিনও এর থেকে বেরিয়ে আসতে চাইছেন। বললেন, ‘এরপর এমন কমেডি ছবি করব, হাসতে হাসতে মানুষ খুন হয়ে যাবে!’

রাজীব হাসান

গার্ডিয়ান অবলম্বনে